জামালপুরে একটি প্রাইভেটকারের গোপন চেম্বার থেকে ১৫ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
Advertisement
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে জামালপুর-শেরপুর মহাসড়কের উত্তর কুটুরিয়া এলাকায় চেকপোস্টে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বড়টোডা বিশনাউড়ি এলাকার আক্তার হোসেন (৪৫), শেরপুরের শ্রীবরদী উপজেলার কুরুয়া ভাটিপাড়া এলাকার মিন মোক্তার ওরফে মনির হোসেন (৪৬) ও বিল্লাল হোসেন (৫৫) এবং কুরুয়া দক্ষিণপাড়া এলাকার প্রাইভেটকারচালক সাগর (৩০)।
পুলিশ জানায়, শেরপুর থেকে একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ গাঁজা জামালপুর শহরে আনা হচ্ছে খবর পেয়ে জামালপুর-শেরপুর মহাসড়কের উত্তর কুটুরিয়া এলাকায় চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে একটি সাদা রঙের টয়োটা প্রবক্স প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়ির গ্যাস সিলিন্ডারের নিচে বিশেষভাবে তৈরি স্টিলের গোপন চেম্বার তল্লাশি করে স্কচটেপে মোড়ানো ছয়টি প্যাকেট থেকে মোট ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
Advertisement
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকের বিরুদ্ধে জামালপুর জেলা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। সমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।
হৃদয় আহম্মেদ/এসআর/এএসএম