চট্টগ্রামের সাতকানিয়ায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় জান্নাতুল ফেরদৌস নয়ন (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সী মাঝির পাড়ায় এ ঘটনা ঘটে। জান্নাতুল ফেরদৌস নয়ন ওই এলাকার সৌদিপ্রবাসী মনোয়ার হোসেনের স্ত্রী। তাদের এক বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মাস্টার দেলোয়ার হোসেন বলেন, শুক্রবার সকালে নয়ন ও তার শাশুড়ি একসঙ্গে নাস্তা করেন। পরে শাশুড়ি বাড়ির পাশের জমিতে ফসল তুলতে যান।
কিছুক্ষণ পর এক প্রতিবেশী এসে জানান, শিশুটি অনেক কান্নাকাটি করছে। এরপর তিনি বাড়িতে ফিরে ঘরে ঢুকে দেখেন, নয়ন সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন।
Advertisement
তিনি বলেন, কী কারণে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআরএএইচ/এমএএইচ/
Advertisement