ফেসবুকে হঠাৎ করেই নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ করে আলোচনার জন্ম দিয়েছেন অভিনেত্রী নাজনীন নীহা। স্ট্যাটাসটি দেখেই অনেকের ধারণা, চুপিসারে বাগদান সম্পন্ন করেছেন তিনি। তবে বিষয়টি নিয়ে মুখ খুলে সব জল্পনার অবসান ঘটিয়েছেন অভিনেত্রী।
Advertisement
সোমবার (২৯ জুন) নিজের ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করেন নীহা। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। শুভেচ্ছা জানাতে থাকেন ভক্ত-অনুরাগীরা। কেউ হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চান, কেউ আবার মিষ্টি খাওয়ার দাবিও তোলেন।
তবে এক প্রতিক্রিয়ায় নাজনীন নীহা স্পষ্ট করেন, তিনি কোথাও বাগদানের কথা বলেননি।
অভিনেত্রীর ভাষায়, ‘আমি কিন্তু কোথাও বাগদানের কথা উল্লেখ করিনি। শুধু লিখেছি, এনগেজড। তার মানে আমি এখন আর সিঙ্গেল না। কারও না কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছি। বাকিটুকু সময় হলে জানতে পারবেন।’
Advertisement
তিনি আরও বলেন, ‘আমি আমার জায়গা থেকে সৎ থাকতে পছন্দ করি। ফেসবুকে এনগেজড স্ট্যাটাস দেওয়ার অর্থ আমি আর সিঙ্গেল নই। এই তথ্যটা যেমন কাউকে খুঁজে বের করতে হয়নি, আমি নিজেই জানিয়েছি। তেমনি উপযুক্ত সময় হলে সেই ব্যক্তির পরিচয়ও জানাব।’
অর্থাৎ, প্রেমের সম্পর্কে থাকার বিষয়টি স্বীকার করলেও, সম্পর্কের মানুষটি কে- সেই পরিচয় এখনই প্রকাশ করতে চান না নাজনীন নীহা।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করে বিয়ের গুঞ্জনের জন্ম দিয়েছিলেন তিনি। পরে অবশ্য জানান, সেটি ছিল একটি নাটকের প্রচারণার অংশ, ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা নয়।
এবারও সম্পর্কের বিষয়টি খোলাসা করলেও, নিজের সঙ্গীর পরিচয় আপাতত আড়ালেই রাখছেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘সময় হলেই সব জানাব।’
Advertisement
এলআইএ