চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ জুন পর্যন্ত সরাইল রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ৩৩০ কোটি ৮৭ লাখ টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি। একই সময়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৪০ জনকে আটক করা হয়েছে।
Advertisement
সোমবার (২৯ জুন) সকালে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ।
তিনি জানান, উত্তর-পূর্ব রিজিয়ন সরাইলের অধীন ময়মনসিংহ, সিলেট, শ্রীমঙ্গল ও কুমিল্লা সেক্টর এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নগুলো ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্তজুড়ে সার্বক্ষণিক নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে।
ব্রিফিংয়ে জানানো হয়, আলোচ্য সময়ে চোরাচালানবিরোধী অভিযানে ৩০৯ কোটি ২১ লাখ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ পণ্য জব্দ এবং ৩৭ জনকে আটক করা হয়। এছাড়া মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১০২ জনকে আটক করা হয়েছে।
Advertisement
ময়মনসিংহ সেক্টরে পৃথকভাবে ১৪ কোটি ৫৪ লাখ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। একই সময়ে মাদকদ্রব্যসহ আরও ২৮ জনকে আটক করা হয়। এছাড়া একটি পাইপগানসহ একজন আসামি উদ্ধার করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, পুশ-ইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের তথ্য পাওয়া মাত্র আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পরিবেশ সংরক্ষণ পরিচালিত অভিযানে ১ লাখ ৫০ হাজার ৮৪৪ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে। পাশাপাশি অস্ত্র চোরাচালানবিরোধী অভিযানে ১৫টি অবৈধ অস্ত্র ও ১০৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ বলেন, ‘দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে বিজিবি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে চোরাচালান, মাদক, মানবপাচার, অস্ত্র চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বাহিনী 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে।’
Advertisement
এছাড়াও সীমান্ত নিরাপত্তা জোরদারে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সীমান্তবর্তী জনগণের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে পুশ-ইন প্রতিরোধে তথ্য দিয়ে সহযোগিতা করায় সীমান্ত এলাকার বাসিন্দাদের ধন্যবাদ জানান।
হোসাইন সুলভ/এএইচ/এএসএম