মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) স্বীকৃত জৈব লার্ভিসাইড বিটিআই (ব্যাসিলাস থুরিনজিয়েনসিস ইসরায়েলেনসিস) যুক্তরাষ্ট্র থেকে সরাসরি আমদানির বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনকে সহযোগিতার আশ্বাস দিয়েছে মার্কিন দূতাবাসের এক প্রতিনিধিদল।
Advertisement
মঙ্গলবার (৩০ জুন) নগরের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে চসিক মেয়রের সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।
এসময় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, গত ছয় মাস ধরে চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের বিভিন্ন এলাকায় ডব্লিউএইচও স্বীকৃত বিটিআই ব্যবহার করছে। এর ফলে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে ইতিবাচক ফল পাওয়া গেছে।
আরও পড়ুন এখন কি বলতে পারবো উনি ঋণ খেলাপি: আসলাম চৌধুরীকে নিয়ে জামায়াতের এমপিতিনি জানান, বর্তমানে মশাবাহিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ১১৩ জনে নেমে এসেছে এবং ডেঙ্গুতে মৃত্যুহার শূন্য রয়েছে।
Advertisement
মেয়র বলেন, ইতিবাচক এ ফলাফল ধরে রাখতে এবং কার্যক্রম আরও বিস্তৃত করতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি ও সাশ্রয়ী মূল্যে বিটিআই সংগ্রহ করতে চায় চসিক। এতে মধ্যস্বত্বভোগীর ওপর নির্ভরতা কমবে, ব্যয় সাশ্রয় হবে এবং সময়মতো ওষুধের সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও নিরাপদ নগর গড়ে তুলতে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক জনস্বাস্থ্য ব্যবস্থাপনা বাস্তবায়নে কাজ করছে চসিক। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
আরও পড়ুন লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, বাড়ছে ক্ষোভবৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের কমার্সিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট, ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সেলর ডেভিড মু, সিনিয়র পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ, ইকোনমিক স্পেশালিস্ট আসিফ আহমেদ ও কমার্সিয়াল স্পেশালিস্ট আবির বড়ুয়া উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Advertisement
বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরা মেয়রের প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেন। পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
এমআরএএইচ/কেএসআর