খেলাধুলা

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের একাদশ নিয়ে সংশয়ে আর্জেন্টিনা কোচ!

নকআউটে নিজেদের ম্যাচে আগামী শুক্রবার চমক জাগানো আফ্রিকান দল কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে শুরুর একাদশ নিয়ে এখনো তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেননি কোচ লিওনেল স্কালোনি।

Advertisement

গ্রুপ ‘জে’-তে তিন ম্যাচে শতভাগ সাফল্য নিয়ে নকআউটে ওঠা আর্জেন্টিনা জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয়ের পর একদিন বিশ্রাম পেয়েছিল। সোমবার থেকে আবার অনুশীলনে ফিরছে দলটি। সেখানেই ধীরে ধীরে চূড়ান্ত হবে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার পরিকল্পনা।

স্কালোনির সবচেয়ে বড় চিন্তার নাম ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে আঘাত পেয়েছিলেন এই সেন্টার-ব্যাক। বিশ্বকাপ শুরুর আগেও একই হাঁটুর সমস্যায় ভুগেছিলেন তিনি। সে কারণেই জর্ডানের বিপক্ষে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।

তবে আর্জেন্টিনার জন্য স্বস্তির খবর, চোটটি গুরুতর নয়। মূলত আঘাতের কারণে হাঁটু ফুলে গিয়েছিল। চিকিৎসার পর সেই ফোলাভাব অনেকটাই কমেছে এবং সোমবার তিনি প্রথমবারের মতো সতীর্থদের সঙ্গে অনুশীলনও করেছেন।

Advertisement

তবুও তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। যদি শেষ পর্যন্ত রোমেরোকে বিশ্রাম দেওয়া হয়, তাহলে লিসান্দ্রো মার্টিনেজের সঙ্গে সেন্টার-ব্যাকে খেলবেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি। জর্ডানের বিপক্ষে লিওনেল মেসির অনুপস্থিতিতে তিনিই দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন।

আরেকটি বড় প্রশ্ন আক্রমণভাগে। লিওনেল মেসির সঙ্গে কে খেলবেন, সেটিই এখন সবচেয়ে আলোচিত বিষয়। বিশ্বকাপের আগে স্কালোনির পরিকল্পনা ছিল, নকআউট পর্ব থেকে মূল স্ট্রাইকার হিসেবে খেলবেন হুলিয়ান আলভারেজ। কাতার বিশ্বকাপের শেষভাগেও এই ভূমিকায় সফল ছিলেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড।

কিন্তু গোড়ালির চোট নিয়ে যুক্তরাষ্ট্রে আসায় প্রথম দুই ম্যাচে তাকে বেঞ্চে বসে থাকতে হয়েছে। এখনো পুরোপুরি ম্যাচ ফিটনেস ফিরে পাননি তিনি।

অন্যদিকে লওতারো মার্টিনেজ জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পেয়েছেন। ফলে স্কালোনি কি পরিকল্পনা বদলে লওতারোকেই একাদশে রাখবেন, নাকি আগের সিদ্ধান্ত অনুযায়ী হুলিয়ানকে সুযোগ দেবেন- সেটিই এখন দেখার বিষয়।

Advertisement

তবে আর্জেন্টিনা শিবিরের ধারণা, আলভারেজের গতিময়তা ও অফ-দ্য-বল মুভমেন্ট নকআউট ম্যাচে ভিন্ন মাত্রা যোগ করতে পারে।

তৃতীয় ধোঁয়াশা লেফট-ব্যাক পজিশনে। বিশ্বকাপের আগে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন নিকোলাস তালিয়াফিকো। তার অনুপস্থিতিতে প্রথম দুই ম্যাচে স্বাভাবিক পজিশন না হলেও বাঁ-প্রান্তে খেলেছেন ফাকুন্দো মেদিনা এবং দারুণ পারফরম্যান্সও করেছেন।

তবে জর্ডানের বিপক্ষে মাঠে ফিরে পুরো ৯০ মিনিট খেলেছেন তালিয়াফিকো। অভিজ্ঞ এই ডিফেন্ডারকে আবারও শুরুর একাদশে ফেরানোর সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।

গ্রুপপর্বে তিন ম্যাচেই জয় পাওয়া আর্জেন্টিনা আত্মবিশ্বাসী হলেও কেপ ভার্দেকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে আফ্রিকার দেশটি দুর্দান্ত নৈপুণ্যে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে।

বিশেষ করে তাদের সংগঠিত রক্ষণ, দ্রুত পাল্টা আক্রমণ এবং গোলরক্ষক ভোজিনহার অসাধারণ পারফরম্যান্স ইতোমধ্যেই বেশ কয়েকটি শক্তিশালী দলকে ভোগান্তিতে ফেলেছে।

তাই বিশ্বচ্যাম্পিয়নদের লক্ষ্য যতই শেষ ষোলো নিশ্চিত করা হোক না কেন, স্কালোনির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন সঠিক একাদশ নির্বাচন করে নকআউটের প্রথম পরীক্ষায় সফল হওয়া।

আইএইচএস/