ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সুমন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এসময় ঢাকা-বরিশাল মহাসড়ক দেড় ঘণ্টা বন্ধ থাকে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার হাসামদিয়া ও সদরদি গ্রামের কয়েকজন কিশোরের বাগবিতণ্ডাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। সেই সূত্র ধরে সন্ধ্যার পর থেকে সংঘর্ষ শুরু হয়। এসময় অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে সুমন (২০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। তিনি ভাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাপুরিয়া সদরদীর মিলন বাবুর্চির ছেলে।
নিহত সুমনের সঙ্গে থাকা একই গ্রামের আলী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম বলেন, সংঘর্ষে আহত সুমন নামে এক যুবককে গুলিবিদ্ধ মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। এছাড়াও কমপক্ষে ১৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়।
Advertisement
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হেলাল উদ্দিন বলেন, সংঘর্ষ শুরু হলে রাত আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য গাড়ি আটকা পড়ে। রাত সাড়ে নয়টার দিকে পরিস্থিতির স্বাভাবিক হলে আবার যান চলাচল শুরু হয়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু বলেন, নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার সদরদি ও হাসামদিয়া গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর আমরা পাইনি। রাত সাড়ে নয়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আমি ফোর্সসহ ঘটনাস্থলে রয়েছি।
এন কে বি নয়ন/এফএ/এএসএম
Advertisement