কুমিল্লা নগরে মাদক কারবারিদের গুলিতে স্কুলছাত্র আহত হওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত আবু হানিফ অপুকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
বুধবার (১ জুলাই) ভোররাতে অভিযান চালিয়ে আবু হানিফ অপুকে গ্রেফতার করে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ।
এর আগে, ২৫ জুন রাতে গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথান আহমেদের বাবা ইউনুছ মিয়া বাদী হয়ে গ্রেফতার আবু হানিফ অপুকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, গত ২৫ জুন নগরীর কাটাবিল এলাকায় মাদক কারবারি অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি হলে জেলা গোয়েন্দা শাখা ও সংশ্লিষ্ট থানা পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার ভোররাতে অভিযুক্ত আবু হানিফ অপুকে গ্রেফতার করা হয়।
Advertisement
পরে তার দেওয়া তথ্য মতে কুমিল্লা নগরীর জগন্নাথপুর এলাকা থেকে সংঘর্ষে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, অপু সংঘবদ্ধ অপরাধচক্রটির নেতৃত্ব দিতেন। তার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ২৫টি মামলা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি অস্ত্র মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, গত ২৫ জুন দুপুরে কাটাবিল এলাকায় ‘নাগরিক কমিটি’র উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন চলাকালে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং গুলি ছোড়ে। এতে স্কুলছাত্র ইথান আহমেদ প্রেমসহ অন্তত ৭ জন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় ইথানকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জাহিদ পাটোয়ারী/কেএইচকে/জেআইএম
Advertisement