বিনোদন

বিশ্বকাপের উন্মাদনা নিয়ে আসছে নাটক ‘আমাদের বিশ্বকাপ’

ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে উন্মাদনা। প্রিয় দলের সমর্থনে পতাকা ওড়ানো, জার্সি পরা, দেয়াল রাঙানো থেকে শুরু করে বন্ধু-স্বজনের সঙ্গে তর্ক-বিতর্ক সব মিলিয়ে উৎসবের আমেজে মেতে ওঠেন ফুটবলপ্রেমীরা। বাংলাদেশেও বিশ্বকাপ এলে সেই উন্মাদনা যেন আরও কয়েকগুণ বেড়ে যায়। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের আবেগ-উচ্ছ্বাসে সরগরম হয়ে ওঠে চারপাশ।

Advertisement

এই বিশ্বকাপের উন্মাদনা, পারিবারিক খুনসুটি এবং পাড়া-মহল্লার মজার সব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘আমাদের বিশ্বকাপ’। নাটকটি প্রযোজনা করেছে জাগো এন্টারটেইনমেন্ট।

নাটকের গল্পে উঠে এসেছে একটি পরিবারের সদস্যদের ভিন্ন ভিন্ন দলের সমর্থক হওয়ার কারণে তৈরি হওয়া হাস্যরস, তর্ক-বিতর্ক এবং নানা মজার পরিস্থিতি। শুধু পরিবার নয়, পাড়া-মহল্লাজুড়েও বিশ্বকাপকে ঘিরে বাড়াবাড়ি, উন্মাদনা এবং বিচিত্র সব ঘটনার প্রতিফলন দেখা যাবে নাটকটিতে।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সুনেহরা বিনতে কামাল, নাদের চৌধুরী, মুনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, সরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।

Advertisement

নাটকটি পরিচালনা করেছেন মহিদুল মহিম। নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, “নাটকটির শুটিং ঢাকার বিভিন্ন লোকেশনে হয়েছে। বড় পরিসরে কাজটি করার চেষ্টা করেছি। সময়ের জনপ্রিয় শিল্পীদের নিয়ে এমন একটি গল্প তুলে ধরতে চেয়েছি, যেখানে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা এবং পারিবারিক ঘটনাগুলো বাস্তবসম্মতভাবে ফুটে উঠবে। প্রচণ্ড রোদ ও গরমের মধ্যে শুটিং করতে হয়েছে, তবে পুরো টিম আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। এজন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ।”

নির্মাতা জানান, বিশ্বকাপ উপলক্ষে নির্মিত বিশেষ এই নাটকটি দর্শকদের জন্য হাস্যরস, পারিবারিক বিনোদন এবং ফুটবল আবেগের এক ভিন্ন অভিজ্ঞতা এনে দেবে।

‘আমাদের বিশ্বকাপ’ নাটকটি ২ জুলাই সন্ধ্যা ৬টায় জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

এমআই/জেআইএম

Advertisement