দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগে আগ্রহীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) চেয়েছে এ বিষয়ে গঠিত বাছাই কমিটি। বৃহস্পতিবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।
Advertisement
এতে বলা হয়, আগামী ১৩ জুলাই বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ সচিবালয়ে নির্ধারিত স্থানে জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া যাবে। তবে যারা এরই মধ্যে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ আবেদন জমা দিয়েছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন হবে না।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বা কমিশনার নিয়োগের লক্ষ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠানোর উদ্দেশে ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪’ এর ধারা ৭ অনুযায়ী গঠিত বাছাই কমিটি এসব পদে নিয়োগলাভে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, আগ্রহী ব্যক্তিদের দুদক আইনের ধারা ৮ এর উপধারা (১) এর বিধান মোতাবেক প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকতে হবে। একই সঙ্গে ধারা ৮(২)-এ উল্লিখিত অযোগ্যতার আওতাভুক্ত কোনো ব্যক্তি কমিশনার পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন না।
Advertisement
জীবনবৃত্তান্তে প্রার্থীর নাম, বাবা ও মায়ের নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, পেশা, চাকরি ও অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ (মেয়াদকালসহ), মোবাইল ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ করে স্বাক্ষরসহ জমা দিতে হবে।
এছাড়া জীবনবৃত্তান্তের সঙ্গে সাম্প্রতিক সময়ের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার স্বপক্ষে সব সনদপত্রের কপি সংযুক্ত করতে হবে। খামের ওপর ‘দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান/কমিশনার পদের জন্য জীবনবৃত্তান্ত’ উল্লেখ করতে হবে।
জীবনবৃত্তান্ত সচিবালয়ের কেন্দ্রীয় পত্রগ্রহণ কেন্দ্র (মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, গেট নম্বর-৫) অথবা জেলা ম্যাজিস্ট্রেসি নীতি শাখা, কক্ষ নম্বর-৯৩৫, মন্ত্রিপরিষদ বিভাগ, ভবন নম্বর-১ (নতুন), বাংলাদেশ সচিবালয়, ঢাকায় জমা দেওয়া যাবে।
আরএমএম/এমকেআর
Advertisement