সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথরে গোসল করতে নেমে পানির প্রবল স্রোতে এক চিকিৎসক নিখোঁজ হয়েছেন।
Advertisement
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১০টার দিকেও তার সন্ধান মেলেনি।
নিখোঁজ সুব্রত সাহা বিকাশ (৩৩) লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে।
জানা গেছে, চার বন্ধু মিলে ঢাকা থেকে সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে এসেছিলেন। বৃহস্পতিবার তারা কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে যান। সেখানে বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় তিন বন্ধু নদীতে নামেন। একপর্যায়ে সাঁতার কাটতে গিয়ে তারা পানির তীব্র স্রোতের মধ্যে পড়ে যান। এসময় দুজন কোনোভাবে তীরে উঠতে সক্ষম হলেও সুব্রত সাহা বিকাশ স্রোতে তলিয়ে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
Advertisement
খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা ৬টা পর্যন্ত চেষ্টা করেও তারা তার সন্ধান পায়নি।
ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ পরিদর্শক আব্দুল কাইয়ুম বলেন, সাদাপাথরে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারের জন্য সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেছে। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, ফায়ার সার্ভিস সদস্যরা সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করেছেন। শুক্রবার সকালে আবার ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাবেন।
আহমেদ জামিল/ইএ
Advertisement