ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও অভিষিক্ত কেপ ভার্দের লড়াই। ম্যাচটির আগে গোটা দেশকে এক হওয়ার আহ্বান জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ও অধিনায়ক ভোজিনহা।
Advertisement
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, 'আমাদের ভূমি, আমাদের মানুষ, আমাদের স্বপ্ন। এখনই সময় সবাই একসঙ্গে দাঁড়ানোর। আমরা শুধু একটি ফুটবল দল নই, আমরা পুরো জাতির প্রতিনিধিত্ব করছি।'
ভোজিনহা দেশের মানুষকে পতাকা হাতে দলকে সমর্থন জানাতে আহ্বান জানান। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আজ আমরা শুধু একটি ফুটবল ম্যাচ খেলতে নামছি না। আমরা একটি জাতির স্বপ্ন বহন করছি। আমাদের জন্য, আমাদের মানুষের জন্য, আমাদের দেশের জন্য একসঙ্গে দাঁড়ান।'
সমর্থকদের উদ্দেশে ভোজিনহা বলেন, 'আপনারা যেখানেই থাকুন, আমাদের পতাকা উড়ান, আমাদের জার্সি পরুন, আমাদের সমর্থন করুন। আমরা মাঠে সবকিছু উজাড় করে দেব।'
Advertisement
তিনি আরও বলেন, 'আমরা হয়তো ছোট একটা দেশ, কিন্তু আমাদের হৃদয় বিশাল। আমরা বিশ্বাস করি, একসঙ্গে থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়।'
বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই শেষ ৩২-এ জায়গা করে নেওয়া কেপ ভার্দে ইতোমধ্যে রূপকথার গল্প লিখেছে। এবার তাদের সামনে আরও বড় পরীক্ষা লিওনেল মেসির নেতৃত্বাধীন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
যদিও কাগজে-কলমে স্পষ্ট ফেবারিট আর্জেন্টিনা, তবু কেপ ভার্দের স্বপ্ন থেমে নেই। কোচ বুবিস্তা আগেই জানিয়েছেন, তার দল ভয় পেয়ে নয়, নিজেদের ফুটবল খেলতেই মাঠে নামবে। আর ভোজিনিয়ার বার্তা যেন সেই বিশ্বাসই আরও জোরালো করল—ছোট্ট একটি দেশের মানুষের স্বপ্ন এখন বিশ্বমঞ্চে ইতিহাস গড়ার।
টিটিটি/এসকেডি/জেআইএম
Advertisement