আন্তর্জাতিক

আলোচনার মধ্যেই ইরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা করে ইসরায়েল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা আলোচনার সময় ইরানের শীর্ষ আলোচকদের হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও দ্য ওয়াশিংটন পোস্ট।

Advertisement

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দুই গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান আলোচক আব্বাস আরাঘচি এবং দেশটির পার্লামেন্টের স্পিকার ও আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ।

দ্য ওয়াশিংটন পোস্ট-কে এক মার্কিন কর্মকর্তা বলেন, তাদের হত্যা করা মানে আলোচনায় আগ্রহী বাস্তববাদী নেতাদেরই সরিয়ে দেওয়া।

দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সম্ভাব্য এ হামলার ঝুঁকির বিষয়ে ইরানকে সতর্ক করতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মাধ্যমে বার্তা পাঠানোর অনুরোধ জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

Advertisement

প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, আঞ্চলিক সংঘাতের অবসান ঘটাতে চলা আলোচনা ভেস্তে দিতে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করার অভিযোগ এর আগেও ইসরায়েলের বিরুদ্ধে উঠেছে।

উদাহরণ হিসেবে বলা হয়েছে, গত অক্টোবরে কাতারের রাজধানী দোহায় হামাসের একটি স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সে সময় হামাসের কর্মকর্তারা ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতির একটি প্রস্তাব পর্যালোচনা করছিলেন।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

Advertisement