দেশজুড়ে

আড়িয়াল খাঁ’র পাড়ে ভাঙন, হুমকির মুখে সেতু

মাদারীপুরের শিবচরে উৎরাইল-শিবচর সড়কের আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সেতুর পাড়ে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

Advertisement

সূত্র জানায়, ২০২৫ সালের জুন-জুলাইয়ে সেতুর পাড়ের প্রায় ২০০ মিটার জায়গা ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। চলতি বর্ষাতেও একই স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে।

স্থানীয় সজিব হোসেন বলেন, ‘সেতুর পাড়ে নদে প্রচণ্ড ঘূর্ণিস্রোত। এই ঘূর্ণিস্রোতের কারণেই ভাঙন সৃষ্টি হয়েছে। গতবার সেতুর কাছে ২০০ মিটারেরও বেশি জায়গা ভেঙেছে। সেতুর নিচে ও পাশে এভাবে ভাঙতে থাকলে সেতুটির জন্য বড় ধরনের ঝুঁকি রয়েছে। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত।’

২০২৩ সালের ৪ নভেম্বর ৫৫০ মিটার দৈর্ঘ্য এবং ৯.৮০ মিটার প্রস্থের ‘লিটন চৌধুরী’ নামের সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। সেতুটি নির্মাণের ফলে শিবচর সদরের সঙ্গে দত্তপাড়া, শিরুয়াইল, নিলখী ইউনিয়নের সরাসরি যোগাযোগ স্থাপন হয়। ফলে এই অঞ্চলের লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়।

Advertisement

শিবচর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ৯৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সেতুটিতে স্প্যান রয়েছে ১১টি, পিয়ার ৯টি। পাইলের সংখ্যা ১২৩টি, পাইলের দৈর্ঘ্য ৪৮ মিটার। সংযোগ সড়কের দৈর্ঘ্য ১.৫০ কিলোমিটার।

এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, ‘ভাঙনের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। আশা করছি, দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর

 

Advertisement