জাতীয়

ব্যবসার নামে ১৪ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেফতার

রাজধানীর গুলশান এলাকায় ‘ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড’ নামক প্রতিষ্ঠানে যৌথ ব্যবসায় বিনিয়োগের প্রতারণায় ১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

Advertisement

গ্রেফতারের নাম- সৌমেন সাহা (৩৫)।

শুক্রবার (৩ জুলাই) সকালে হাতিরঝিল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

গুলশান থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, ২০২০ সালে ধানমন্ডির মেট্রো শপিং মলে ভুক্তভোগী বিপ্লব চক্রবর্তী সঙ্গে ব্যবসায়িক কারণে পরিচিত হন অভিযুক্ত সৌমেন সাহা। করোনাকালীন সময়ে তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক ও বিশ্বাসের ভিত্তি গড়ে ওঠে।

Advertisement

তিনি আরও বলেন, ২০২৩ সালে সৌমেন সাহা দুবাই থেকে স্বর্ণ কেনার কথা বলে ভুক্তভোগীর কাছ ৫০ লাখ টাকা ধার নেন। পরবর্তীতে গুলশানের পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলে ‘ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড’ নামে একটি নতুন দোকান চালুর প্রস্তাব দিয়ে বাদীকে ব্যবসায় অংশীদার বানানোর প্রতিশ্রুতি দিয়ে ৪ কোটি ৩০ লাখ টাকা নেন। এভাবে বিভিন্ন সময় পর্যায়ক্রমে নগদ টাকা ও চেকের মাধ্যমে সর্বমোট ১৪ কোটি ৩৮ লাখ টাকা হাতিয়ে নেন অভিযুক্ত ব্যক্তি।

তিনি বলেন, বিনিয়োগের পর দীর্ঘদিন অতিবাহিত হলেও সৌমেন সাহা ব্যবসার কোনো লভ্যাংশ বা হিসাব না দিয়ে বিভিন্ন অজুহাতে টালবাহানা শুরু করেন। সর্বশেষ ভুক্তভোগী পুনরায় হিসাব দাবি করলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। পরবর্তীতে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গুলশান থানায় একটি মামলা করা হয়। তথ্য-প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে গুলশান থানা পুলিশের একটি টিম হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এএমএ

Advertisement