বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসেছেন অভিনেতা, পরিচালক প্রযোজক সোহেল রানা। সেখানে তিনি বলেন, কোনো প্যানেল বা ব্যক্তিকে দেখে নয়, বরং চলচ্চিত্রের জন্য কে ভালো কাজ করতে পারবেন সেটি বিবেচনা করেই তিনি ভোট দেন।
Advertisement
তিনি বলেন, ‘আজকের দিনটা তো ভালো লাগারই কথা। এবারই শুধু নয়, প্রতিবারই যারা নির্বাচন করে, দুই প্যানেলই আমার কাছে আসে। সবাই দোয়া চায়।’
সোহেল রানা বলেন, ‘আমি সবাইকে বলি, শুধু দোয়া চাইলেই হবে না। যদি আমাকে ভোট দিতে হয়, তাহলে আমাকে ভাবতে হবে। তোমরা নামগুলো দিয়ে যাও, আমি দেখি। এখানে কে কোন প্যানেল করল বা কে বড় স্টার, সেটা বড় কথা নয়।’
সংগঠনের নেতৃত্ব নির্বাচনে যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে এই বরেণ্য অভিনেতা বলেন, ‘আমি দেখব, সংগঠনটা কে সঠিকভাবে পরিচালনা করতে পারবে। চলচ্চিত্র জগতের যে সমস্যাগুলো আছে, সেগুলো সমাধানের দায়িত্ব কে নিতে পারবে- সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
Advertisement
তিনি আরও বলেন, ‘চোখ বন্ধ করে ভোট দেওয়া ঠিক নয়। আমি সবকিছুর ঊর্ধ্বে থেকে চেষ্টা করি, চলচ্চিত্র জগতের জন্য যার মাধ্যমে সবচেয়ে বেশি মঙ্গল হবে, তাকেই ভোট দিতে।’
এমআই/এলআইএ