খেলাধুলা

সবাই বলছে আর্জেন্টিনা জিতবে, ব্যতিক্রম শুধু দুই ভবিষ্যদ্বাণী

শুক্রবার বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে বাংলাদেশ সময় দিবাগত রাত ৪টায় যুক্তরাষ্ট্রের মিয়ামি হার্ড রক স্টেডিয়ামে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দের মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি ঘিরে ইতোমধ্যে নানান মহলে শুরু হয়েছে বিভিন্ন ভবিষ্যদ্বাণী।

Advertisement

ডাইমার্সের মেশিন লার্নিং মডেল ম্যাচটি নিয়ে ১০ হাজার অ্যালগরিদমিক সিমুলেশন চালিয়েছে। সেই পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৮৩.৫ শতাংশ।

অন্যদিকে, ফিফার অফিসিয়াল পরিসংখ্যান আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা দেখাচ্ছে ৮৪.৭ শতাংশ। একই হিসেবে কেপ ভার্দের জয়ের সম্ভাবনা মাত্র ৪.৩ শতাংশ, আর নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ১১ শতাংশ।

গোল ডটকমের ভবিষ্যদ্বাণী, আর্জেন্টিনা ৩-০ গোলে জিতবে এবং লিওনেল মেসি করবেন জোড়া গোল।

Advertisement

রোটোওয়্যার ও ইয়াহু স্পোর্টসের ধারণা, আর্জেন্টিনা নিয়ন্ত্রিত এক পারফরম্যান্সে ২-০ ব্যবধানে জিতবে এবং ক্লিন শিটও ধরে রাখবে।

অন্যদিকে টোটাল ফুটবল অ্যানালাইসিসও আর্জেন্টিনার ৩-০ ব্যবধানের জয়ের পক্ষেই মত দিয়েছে।

যদিও অধিকাংশ পূর্বাভাসেই আর্জেন্টিনা ও মেসির দাপটের কথা বলা হয়েছে, তবু ব্যতিক্রমী কিছু মতও সামনে এসেছে। কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ১-০ ব্যবধানে নিজেদের দলের চমকপ্রদ জয়ের ভবিষ্যদ্বাণী করেছেন।

এদিকে ঘানার আলোচিত আধ্যাত্মিক ব্যক্তি নানা কওয়াকু বোনসাম সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক বক্তব্যে দাবি করেছেন, তার ‘অলৌকিক শক্তি’ আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বিদায় করে দেবে। তার মতে, কেপ ভার্দের কাছে হেরেই এবারের বিশ্বকাপ মিশন শেষ হবে মেসির আর্জেন্টিনার।

Advertisement

সিনিয়র আন্তর্জাতিক ফুটবলে এর আগে কখনোই মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ও কেপ ভার্দে। ফলে ২০২৬ বিশ্বকাপে এই ম্যাচটিই দুই দলের ইতিহাসের প্রথম সাক্ষাৎ।

তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং বর্তমান শিরোপাধারী আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দেও গড়ছে ইতিহাস। ৬ লাখেরও কম জনসংখ্যার দেশটি বিশ্বকাপের এই পর্যায়ে ওঠা জনসংখ্যার বিচারে সবচেয়ে ছোট দেশ হিসেবে নতুন নজির স্থাপন করেছে।

আরএএইচইউএল/এমএমআর