আঘাত, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, লুটপাট ও হামলার অভিযোগে দায়ের করা মামলায় সাভার থানা ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মাহবুব হোসেন সামির ওরফে ফেন্সি সামিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার জামিন আবেদন শুনানির জন্য আগামী রোববার (৫ জুলাই) দিন ধার্য করা হয়েছে।
Advertisement
শুক্রবার (৩ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) বাহাজ উদ্দিন।
এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে পুরান ঢাকার জনসন রোডে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণের সামনে থেকে মাহবুব হোসেন সামিরকে গ্রেফতার করা হয়।
শুক্রবার তাকে আদালতে হাজির করে সাভার মডেল থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই আশিষ কুমার দাস তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষে আইনজীবী মো. মহসিন মিয়া জামিন আবেদন দাখিল করে রোববার শুনানির আবেদন জানান। আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে ওই দিনই জামিন শুনানির তারিখ নির্ধারণ করেন।
Advertisement
মামলার এজাহার অনুযায়ী, গত ২৪ মে চাঁদার টাকা না পেয়ে সামির ও তার সহযোগীরা সাভারের রাজাশন আমতলী এলাকায় শামীম রেজার বাড়িতে ঢুকে ভাঙচুর চালান। অভিযোগে বলা হয়, তারা ঘর থেকে নগদ ৪ লাখ ১৭ হাজার ৬০০ টাকা নিয়ে যাওয়ার পাশাপাশি শামীম রেজার রিকশা গ্যারেজে হামলা চালিয়ে ক্যাশ বাক্সে থাকা ৯০ হাজার টাকা এবং প্রায় ২১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১২টি ব্যাটারিচালিত রিকশা জোরপূর্বক নিয়ে যান।
এজাহারে আরও বলা হয়, পরে একই গ্যারেজে আবার হামলা চালিয়ে আরও পাঁচটি ব্যাটারিচালিত রিকশা নিয়ে যাওয়া হয়, যার মূল্য প্রায় ৯ লাখ টাকা।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, সর্বশেষ গত ১২ জুন রাতে সামির ও তার সহযোগীরা শামীম রেজার তিনতলা ভবনে গিয়ে পুনরায় চাঁদা দাবি করেন। টাকা না পেয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। এ সময় শামীম রেজার বৃদ্ধা খালা সুরাইয়া বেগমকে মারধর করে তার গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
এছাড়া বাধা দিতে গেলে লাবনী বেগমের স্বামী একরামুল হককে ধারালো অস্ত্র ও হকি স্টিক দিয়ে মারধর করে গুরুতর আহত করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। একই ঘটনায় শামীম রেজার ভাইয়ের স্ত্রী বন্যা বেগমের শ্লীলতাহানির অভিযোগ এবং তার দুই বছরের শিশুকন্যা সায়মাকে হত্যার উদ্দেশ্যে আছড়ে মারার অভিযোগও আনা হয়েছে।
Advertisement
মামলায় দাবি করা হয়েছে, নগদ অর্থ, ব্যাটারিচালিত রিকশা ও স্বর্ণালঙ্কারসহ মোট ২৯ লাখ ১৭ হাজার ৬০০ টাকার সম্পদ লুট করা হয়।
এ ঘটনায় গত ২৪ জুন শামীম রেজার খালাতো বোন লাবনী বেগম বাদী হয়ে সাভার মডেল থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।
এমডিএএ/এএমএ