ফিফা ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ ব্রাজিল ও নরওয়ের মধ্যকার ম্যাচের জন্য রেফারিং প্যানেলের নাম ঘোষণা করেছে। আগামী রোববার অনুষ্ঠিতব্য এই ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন ইসমাইল এলফাথ। তার সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস, দুজনই যুক্তরাষ্ট্রের। চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন হন্ডুরাসের সাঈদ মার্তিনেজ, আর রিজার্ভ সহকারী রেফারি থাকবেন একই দেশের ওয়াল্টার লোপেজ।
Advertisement
৪৪ বছর বয়সী ইসমাইল এলফাথ একজন মরক্কো-আমেরিকান ফুটবল রেফারি। ২০০১ সালে, মাত্র ১৮ বছর বয়সে, ডাইভারসিটি ভিসা লটারি বা ডিভি লটারি জিতে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
২০০৬ সালে তিনি ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি টেক্সাসের অস্টিন শহরে বসবাস করেন।
২০১১ সালে মেজর লিগ সকার (এমএলএস)-এ রেফারিং শুরু করার পর থেকেই এলফাথ ধারাবাহিকভাবে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনেও দ্রুত নজর কাড়েন তিনি এবং ২০১৬ সালে ফিফার স্বীকৃত আন্তর্জাতিক রেফারির তালিকায় অন্তর্ভুক্ত হন।
Advertisement
তিনি ২০২২ ফিফা বিশ্বকাপ ও ২০২৪ প্যারিস অলিম্পিক-এ রেফারির দায়িত্ব পালন করেন। এছাড়া আরও অনেক আন্তর্জাতিক টুর্নামেন্ট পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার।
সম্প্রতি তিনি ২০২৬ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালও পরিচালনা করেন। এই দায়িত্ব পাওয়াই প্রমাণ করে যে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের অন্যতম সেরা রেফারিদের একজন হিসেবে তাকে বিবেচনা করা হয়।
২০২৪ সালের কোপা আমেরিকা চলাকালে চোট পাওয়ায় ২০২৬ বিশ্বকাপে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে একাধিক মেডিক্যাল পরীক্ষা ও মূল্যায়নের পর নিশ্চিত করা হয় যে তিনি পুরোপুরি সুস্থ এবং বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত এলফাথ দুটি ম্যাচ পরিচালনা করেছেন। তিনি নেদারল্যান্ডস ২-২ জাপান এবং উরুগুয়ে ০-১ স্পেন ম্যাচের প্রধান রেফারি ছিলেন। উরুগুয়ে ম্যাচে অগাস্টিন কানোবিওকে লাল কার্ড দেখান এই রেফারি।
Advertisement
নেদারল্যান্ডস ও জাপানের ম্যাচে তিনি ডাচ ফরোয়ার্ড মেমফিস ডেফায়কে একটি হলুদ কার্ড দেখান। এখন পর্যন্ত বিশ্বকাপে তার পরিচালিত দুই ম্যাচে তিনি মোট সাতটি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছেন।
এবার ব্রাজিল ও নরওয়ের মধ্যকার গুরুত্বপূর্ণ রাউন্ড অব ১৬-এর ম্যাচ পরিচালনার দায়িত্বও তার কাঁধে, যেখানে বিজয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট।
আরআর/আইএইচএস/