জাতীয়

গুলিস্তানে দুই গ্রুপের সংঘর্ষ, জামায়াত নেতাকে ছুরিকাঘাত

রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে মো. কবির আহমেদ (৪৫) নামে এক জামায়াত নেতা গুরুতর আহত হন।

Advertisement

আহত কবির আহমেদ গুলিস্তান শপিং মার্কেট ইউনিট জামায়াতের সভাপতি ও দলের রোকন। পেশায় তিনি মোবাইল পার্টস ব্যবসায়ী।

শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

কবির আহমেদকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা আক্তার হোসেন বলেন, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে দুর্বৃত্তরা কবির আহমেদের কোমরের পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন।

Advertisement

তিনি বলেন, কবির আহমেদ মুন্সিগঞ্জের সদরের বাংলাবাজার এলাকার তৌহিদ হোসেনের ছেলে। তিনি গুলিস্থান শপিং মার্কেট ইউনিটের সভাপতি ও জামায়াতের রোকন। তিনি পেশায় মোবাইল পার্টস ব্যবসায়ী।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত এক জামায়াত নেতাকে হাসপাতালে আনা হয়েছে।

তিনি বলেন, হাসপাতালের জরুরি বিভাগে আহত ব্যক্তির চিকিৎসা চলছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাজী আল-আমিন/এমএএইচ/

Advertisement