দেশজুড়ে

যতবার বিএনপি ক্ষমতায় এসেছে ততবার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়েছে

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, যতবার বিএনপি ক্ষমতায় এসেছে ততবার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেল কুমিল্লা টাউনহল মাঠে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement

জাকারিয়া তাহের বলেন, বিগত নির্বাচনে কুমিল্লার ১১টি আসন আসনের মধ্যে ৯টি আসন বিএনপিকে উপহার দিয়েছেন ভোটাররা। সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন এদেশে যতবার বিএনপি সরকার ক্ষমতায় এসেছে ততবার এদেশে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়েছে। একই সঙ্গে কুমিল্লার উন্নয়ন হয়েছে। ইনশাআল্লাহ এবারও তার ব্যতিক্রম হবে না।

তিনি আরও বলেন, চব্বিশের জুলাই ছাত্র জনতার আন্দোলনের ফলে এদেশে গণতন্ত্র ফিরে এসেছে। আজ মুক্ত পরিবেশে নাগরিক সমাবেশ করতে পারছি দীর্ঘ সময়ের পর। অনেক লড়াই সংগ্রামে পর ছাত্র জনতার অভূতপূর্ব আন্দোলনে স্বৈরাচার সরকারের বিদায় হয়েছে, আমরা আজ এ অবস্থায় এসেছি।

মন্ত্রী বলেন, সরকার গঠনের পর প্রথম অধিবেশনেই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাশ হয়েছে। এতে কুমিল্লাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। বিশেষ করে কুমিল্লা-৬ সদর আসনে যিনি সাংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি একজন স্বপ্নবাজ মানুষ। রাজনীতিতে আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। কিভাবে এলাকার উন্নয়নে কাজ আদায় করতে হয় তা আমি উনার কাছ থেকেই শিখেছি।

Advertisement

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে নাগরিক সভায় উন্নয়ন প্রস্তাবনা পেশ করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ সময় তিনি বলেন, কুমিল্লা দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিগত সরকারের সময় কুমিল্লা ছিল উন্নয়ন বঞ্চিত। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার এসেছে। এবার কুমিল্লা উন্নয়নের রোল মডেল হবে। কারন বিএনপি সরকার দেশের উন্নয়নের সরকার।

মনিরুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকারের ৩ মাসেই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা গঠন হয়ে গেছে। সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধির কাজ চলমান। আপনারা বর্তমান সরকারের প্রতি আস্থা রাখেন, কথা দিচ্ছি জনাব তারেক রহমানের হাতে এদেশ পথ হারাবে না।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন ও সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরীর সঞ্চালনায় উন্নয়ন সমন্বয় সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা বারের অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, জেলা পরিষদ প্রশাসক মো. মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেরা আলাউদ্দিন হেনা, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু প্রমুখ।

জাহিদ পাটোয়ারী/এনএইচআর/এএসএম

Advertisement