দেশজুড়ে

এইচএসসি ফরমের টাকা আত্মসাৎ, অপারেটর গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগে সাব্বির হোসেন শাওন (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) ভোরে শিবগঞ্জ পৌর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতার সাব্বির হোসেন শাওন উপজেলার মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রি কলেজের আউটসোর্সিংয়ে কর্মরত কম্পিউটার অপারেটর।

জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের কথা বলে কলেজের ছয়জন পরীক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি ৪ হাজার ৫০০ টাকা করে মোট ২৭ হাজার টাকা নেন সাব্বির হোসেন। তবে পরবর্তীতে পরীক্ষার্থীরা কলেজ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে গেলে জানতে পারেন, তাদের ফরম পূরণই করা হয়নি এবং কোনো প্রবেশপত্রও ইস্যু হয়নি। টাকা দিয়েও পরীক্ষায় অংশ নিতে না পারার বিষয়টি নিশ্চিত হয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন।

অভিযোগের পর প্রতারণার শিকার শিক্ষার্থীর মধ্যে ৬ জনের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। পরীক্ষা শুরুর প্রথম দিন গত বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে না পারলেও, বোর্ড ও কলেজ কর্তৃপক্ষের বিশেষ তৎপরতায় প্রবেশপত্র হাতে পেয়েছে শিক্ষার্থীরা। এরপর শনিবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেওয়ার মাধ্যমে এই শিক্ষার্থীরা তাদের এইচএসসি পরীক্ষার আনুষ্ঠানিক সূচনা করে।

Advertisement

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে ফরম পূরণ না করে তা আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলার পর তদন্তে নামে পুলিশ। জেলা পুলিশের নির্দেশনায় অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

এনএইচআর/এএসএম