দেশজুড়ে

৩ দিন ধরে বন্ধ সেন্টমার্টিন নৌপথ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা

বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে টানা তিন দিন ধরে সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন চলমান এইচএসসি পরীক্ষার্থীরা।

Advertisement

শুক্রবার (৩ জুলাই) থেকে আজ রোববার (৫ জুলাই) পর্যন্ত কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে যাত্রীবাহী ট্রলার চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

পরীক্ষার্থীরা বলছেন, আগামীকাল (৬ জুলাই) পরীক্ষা থাকলেও তারা পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারবেন কি না, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ট্রলার চলাচল বন্ধ থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে দ্বীপের কয়েকজন এইচএসসি পরীক্ষার্থী। আগামীকাল ৬ জুলাই তাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ট্রলার চলাচল বন্ধ থাকায় তারা পরীক্ষাকেন্দ্রে পৌঁছে পরীক্ষায় অংশ নিতে পারবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

Advertisement

তিনি আরও বলেন, এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা হয়েছে। পাশাপাশি শাহপরীর দ্বীপে অবস্থানরত কোস্টগার্ডের একটি বড় ট্রলার সেন্টমার্টিনে এলে সেটিতে করে পরীক্ষার্থীদের টেকনাফে আনার ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়েও কোস্টগার্ডের সঙ্গে আলোচনা চলছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী বলেন, বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার চলাচল বন্ধ রয়েছে। তবে সেন্টমার্টিন দ্বীপে অবস্থানরত এইচএসসি পরীক্ষার্থীদের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। পরীক্ষার্থীদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

জাহাঙ্গীর আলম/কেএইচকে

Advertisement