চাঁদা দাবি ও মানহানির অভিযোগ এনে অনলাইন সংবাদমাধ্যম ফেস দ্যা পিপলের সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগর এবং ইনভেস্টিগেশন রিপোর্টার মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।
Advertisement
রোববার (৫ জুলাই) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষে আবু মো. কামরুজ্জামান মামলার আবেদন করেন। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেন।
আদালত আগামী ১০ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী মো. আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, বিভিন্ন প্রতিবেদন তৈরির উদ্দেশ্যে অভিযুক্তরা মাস্তুল ফাউন্ডেশনের কার্যালয়ে গিয়ে সংবাদ প্রকাশের জন্য ২০ হাজার টাকা এবং প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের জন্য ১৫ হাজার টাকা দাবি করেন। এছাড়া প্রতিষ্ঠানের অনুকূলে সংবাদ প্রকাশের বিনিময়ে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে অর্থ দাবি করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
Advertisement
বাদীপক্ষের দাবি, এসব দাবি প্রত্যাখ্যান করার পর ফাউন্ডেশনের বিরুদ্ধে নেতিবাচক সংবাদ প্রকাশ এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার হুমকি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় গত ২৮ জুন ফেস দ্য পিপলে প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
মাস্তুল ফাউন্ডেশনের দাবি, ওই প্রতিবেদন প্রকাশের কারণে প্রতিষ্ঠানটির প্রায় ২০ কোটি টাকার আর্থিক ও সুনামগত ক্ষতি হয়েছে।
তবে এসব অভিযোগ মামলার বাদীপক্ষের বক্তব্য। আদালতের নির্দেশে পিবিআই অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত অভিযোগগুলো আইনগতভাবে প্রমাণিত নয়।
এমডিএএ/ইএ
Advertisement