জাতীয়

বেগম রোকেয়া পদকের জন্য মনোনয়ন আহ্বান

নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ, পল্লী উন্নয়ন এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোন ক্ষেত্রে অবদানের সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ ‘বেগম রোকেয়া পদক, ২০২৬’ আহ্বান করেছে সরকার।

Advertisement

রোববার (৫ জুলাই) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

এ বছর সর্বোচ্চ পাঁচজন বাংলাদেশি নারীকে এ পদক দেওয়া হবে। উল্লিখিত যেকোনো ক্ষেত্রে বিশেষ অবদান রাখা বাংলাদেশি নারীরা এ পদকের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনপত্রের নির্ধারিত ‌‘ছক’ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। ওয়েবসাইটে প্রকাশিত নির্ধারিত ‘ছক’ ছাড়া অন্য কোনো ফরমে আবেদন বা মনোনয়ন গ্রহণ করা হবে না।

Advertisement

আগ্রহী প্রার্থীদের পদক প্রাপ্তির ক্ষেত্র উল্লেখ করে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ‘ছক’ অনুযায়ী আবেদনপত্রের সফট কপি নিকোষ ফন্টে এমএস ওয়ার্ড ফাইল আকারে ই-মেইলে এবং ডাকযোগে বা সরাসরি দুই সেট হার্ড কপি সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর জমা দিতে হবে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত আবেদন ও মনোনয়ন যাচাই-বাছাই শেষে নির্বাচিতদের ‘বেগম রোকেয়া পদক-২০২৬’ দেওয়া হবে।

জেএইচ

Advertisement