লাইফস্টাইল

লেসের সাদা শাড়িতে লাস্যময়ী কৌশানী

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি বরাবরই ফ্যাশন নিয়ে নিজস্ব রুচির পরিচয় দেন। কখনও ওয়েস্টার্ন গ্ল্যামার, আবার কখনও সাবেকি সাজে তিনি নজর কাড়েন অনায়াসে। সম্প্রতি সাদা লেসের শাড়িতে তার একটি লুক আবারও প্রমাণ করল-আভিজাত্য দেখাতে সবসময় ঝলমলে রঙের প্রয়োজন হয় না। কখনও কখনও একটি সাদামাটা রং, নিখুঁত স্টাইলিং আর আত্মবিশ্বাসই যথেষ্ট।

Advertisement

নদীর ধারে মেঘলা আকাশের আবহে ধারণ করা এই লুকে কৌশানী যেন আধুনিকতার ছোঁয়ায় সাজানো এক চিরায়ত বাঙালি নারীর প্রতিচ্ছবি।

এই সাজের মূল আকর্ষণ নিঃসন্দেহে অফ-হোয়াইট লেসের শাড়িটি। সূক্ষ্ম ফুলেল নকশা আর পুরো শাড়িজুড়ে লেসের কারুকাজ পোশাকটিকে দিয়েছে সফিস্টিকেটেড ও বিলাসবহুল আবেদন। ভারী কাজের পরিবর্তে হালকা কিন্তু নিখুঁত এমব্রয়ডারি শাড়িটিকে করেছে চোখে আরামদায়ক। দিনের আলো কিংবা সন্ধ্যার নরম আলোর সঙ্গে এমন কাপড় দারুণ মানিয়ে যায়।

শাড়ির সঙ্গে ডিপ ভি-নেক ফুলহাতা ব্লাউজটি পুরো লুকে এনেছে সমসাময়িক আবেদন। একই লেস ফেব্রিকের ব্লাউজ হওয়ায় পোশাকের মধ্যে তৈরি হয়েছে দারুণ সামঞ্জস্য। অতিরিক্ত চাকচিক্য নয়, বরং কাটিং আর ফিটিংয়ের ওপর জোর দেওয়াতেই এই লুক হয়ে উঠেছে আরও পরিশীলিত।

Advertisement

কৌশানীর গলায় থাকা অক্সিডাইজড সবুজ পাথরের ভারী চোকার নেকলেস পুরো সাজের কেন্দ্রবিন্দু। এর সঙ্গে মিলিয়ে লম্বা দুল লুকটিকে দিয়েছে রাজকীয় আমেজ। শাড়ির রং যেহেতু একেবারে নিরপেক্ষ, তাই গয়নার সবুজ আভা পুরো সাজে এনে দিয়েছে প্রাণবন্ত কনট্রাস্ট।

এই লুকে মেকআপ রাখা হয়েছে যথেষ্ট ব্যালান্সড। নিখুঁত বেস মেকআপ, স্মোকি আই লুক, ঘন আইলাইনার ও কাজল, সুগঠিত ভ্রু ও গাঢ় ওয়াইন টোনের লিপস্টিক। সব মিলিয়ে মুখের অভিব্যক্তিকে আরও নাটকীয় করে তুলেছে। অতিরিক্ত হাইলাইটারের ব্যবহার না থাকায় পুরো লুকটি দেখাচ্ছে অনেক বেশি ক্লাসি।

চুল মাঝখান থেকে সিঁথি করে টাইট লো বান করা হয়েছে। এই ধরনের হেয়ারস্টাইল ভারী গয়না ও গভীর নেকলাইনের সঙ্গে দারুণ মানিয়ে যায়। এতে মুখের গঠন স্পষ্ট হয়ে ওঠে এবং পুরো ফোকাস থাকে পোশাক ও গয়নার ওপর।

এক হাত থুতনির কাছে, অন্য হাত কোমরে-খুব স্বাভাবিক কিন্তু আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন কৌশানী। ক্যামেরার দিকে স্থির দৃষ্টি পুরো লুককে দিয়েছে এডিটোরিয়াল বা ম্যাগাজিন কভারের অনুভূতি। এখানে পোজ কখনও পোশাককে ছাপিয়ে যায়নি, বরং পোশাকের সৌন্দর্যই আরও ফুটিয়ে তুলেছে।

Advertisement

জেএস/