আইন-আদালত

মিনিট্রাকে অভিনব কায়দায় ২০ হাজার ইয়াবা বহন, ৩ জনের কারাদণ্ড

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় প্রায় আট বছর আগে ২০ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছেন আদালত।

Advertisement

সোমবার (৬ জুলাই) চট্টগ্রামের অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ ইয়াছমিন আরা এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী সাইফুর রহমান জানান, মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. আব্দুর রহিম স্বপন ও মো. সোহেলকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই মামলায় আসামি মো. জসিমকে এক ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর ধারায় তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement

আরও পড়ুন পতেঙ্গায় ধর্ষণ মামলায় ছয় বছর পর যুবকের যাবজ্জীবন

রায় ঘোষণার সময় তিন আসামিই পলাতক ছিলেন। তাই তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ২৪ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল নগরের কোতোয়ালি থানার ফিরিঙ্গীবাজার ব্রিজঘাট এলাকায় অভিযান চালায়। এসময় একটি মিনিট্রাকে তল্লাশি চালিয়ে এর ডান পাশের ডালার ভেতরে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আব্দুর রহিম স্বপন ও সোহেলকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন জানান, পলাতক আসামি জসিমের নির্দেশে তারা টেকনাফ থেকে ইয়াবার চালানটি ফেনীতে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। পরে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা করেন মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল হালিম। তদন্ত শেষে তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হলে মামলার বিচার শুরু হয়।

এমআরএএইচ/ইএ

Advertisement