দেশজুড়ে

রাতে ব্রাজিলের খেলা দেখে ঘুম, সকালে মিললো যুবকের মরদেহ

কুষ্টিয়ার কুমারখালীতে রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ঘুমাতে যাওয়ার পর সকালে নিজ ঘর থেকে গলায় ফাঁস দেওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার কয়া ইউনিয়নের পশ্চিম গট্রিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম রতন (২০)। তিনি একই গ্রামের হোসেন মিস্ত্রির ছেলে। পেশায় রাজমিস্ত্রির সহকারী ছিলেন। তার দুই মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৫ জুলাই) দিনগত গভীর রাতে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখে নিজ ঘরে ঘুমাতে যান রতন। সকালে দীর্ঘ সময় পরও ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। এতে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালায় উঁকি দিয়ে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে ঘরের দরজা ভেঙে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

নিহতের বাবা হোসেন মিস্ত্রি বলেন, ‘ছেলে ব্রা‌জিল দলের সমর্থক ছি‌ল। গতকাল রাতে খেলায় ব্রাজিল ‌হেরে যাওয়ার পর তার মন খারাপ ছিল। এরপর নিজ ঘ‌রে ঘুমাতে যায়। সকালে উঠতে দে‌রি হলে ডাকাডা‌কি করে কোনো সাড়াশব্দ পাইনি। পরে জানালা দিয়ে দেখতে পাই গলায় ওড়না দেওয়া অবস্থায় ঝুলছে।’

তিনি বলেন, ব্রাজিল হেরে যাওয়ায় সে আত্মহত্যা করলো নাকি অন্য কোনো কারণে তা বলতে পারছি না।

স্বজন‌রা জানান, বছরখানেক আগে রতন বিয়ে করেন। বা‌ড়ির পাশেই শ্বশুরবা‌ড়ি। কন্যাসন্তান হওয়ার পর থেকে তার স্ত্রী সেখানেই আছেন। ঘটনার সময় রতন ঘরে একা ছিলেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জামাল উদ্দিন বলেন, ‘আত্মহত্যা মান‌সিক রোগ। পছন্দের টিম হেরে‌ যাওয়ায় সে আত্মহত্যা করেছে, এমনটাও এখনো নি‌শ্চিত হওয়া যায়নি।’

Advertisement

আল-মামুন সাগর/এসআর/এএসএম