দেশজুড়ে

চলতি মাসেই ট্রেন থামার আশ্বাসে কুষ্টিয়ায় আন্দোলন স্থগিত

চলতি (জুলাই) মাসের মধ্যেই একটি ট্রেনের যাত্রাবিরতি কার্যকর হবে, রেলওয়ে কর্তৃপক্ষের এমন আশ্বাসে কুষ্টিয়ার কুমারখালীতে ঘোষিত রেললাইন অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা। দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) কুমারখালী স্টেশনে রেলপথ অবরোধের ডাক দেওয়া হয়েছিল।

Advertisement

মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রেলের বিভাগীয় কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দুপুরে তারা এ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, পাকশী রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা ও বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন, কুমারখালী পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জানা গেছে, কুমারখালী রেলস্টেশন চত্বরে ঢাকা-খুলনা রুটে চলাচলকারী আন্তঃনগর সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবি দীর্ঘদিনের। এলাকাবাসীকে বারবার আশ্বাস দিয়েও প্রশাসন কথা রাখেনি। ফলে সোমবার দুপুরে কুমারখালী স্টেশন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে আগামী বৃহস্পতিবার রেল অবরোধের ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারীরা।

Advertisement

আন্দোলনকারীরা জানান, কুমারখালী রেলস্টেশনে আন্তঃনগর সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির জন্য প্রায় আট মাস ধরে আন্দোলন চলছে। শেষে গত ১১ মে স্টেশন চত্বরে বিক্ষোভ কর্মসূচি চলার সময়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা ৩০-৩৫ দিনের মধ্যে ট্রেন থামানোর আশ্বাস দেন। এরপর ৫৭ দিন পার হলেও প্রশাসনের দেওয়া আশ্বাসের সঙ্গে বাস্তবতার কোনো মিল পায়নি এলাকাবাসী।

আন্দোলন পরিচালনাকারী শাকিল আহমেদ তিয়াস বলেন, ‘এর আগেও প্রশাসনের কর্মকর্তারা যাত্রাবিরতির আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেননি। সেজন্য বৃহস্পতিবার অবরোধের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু মঙ্গলবার স্বয়ং রেল কর্মকর্তারা বৈঠক করে চলতি মাসের মধ্যে ট্রেন থামানোর আশ্বাস দিয়েছেন। সেজন্য আপাতত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে জুলাইয়ে ট্রেন না থামলে আগস্টের ১ তারিখ থেকে কঠোর আন্দোলন শুরু হবে।

বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার। তিনি বলেন, ‘বারবার আশ্বাসের পরও প্রশাসনিক কিছু জটিলতায় যাত্রাবিরতি সম্ভব হয়নি। মঙ্গলবার রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। এবার আশ্বাস নয়, চলতি মাসের মধ্যেই ট্রেন থামবে।’

আল-মামুন সাগর/কেজে/জেআইএম

Advertisement