জাতীয়

ধানমন্ডিতে আবাসিক প্লট থেকে বাণিজ্যিক রূপান্তরে নতুন নীতিমালায় কমিটি

রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকার বাণিজ্যিক সড়কে অবস্থিত প্লটগুলোকে আবাসিক থেকে বাণিজ্যিক ব্যবহারে রূপান্তরের জন্য নতুন নীতিমালা প্রণয়নে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এই কমিটি গঠন করে অফিস আদেশ জারি করা হয়েছে।

Advertisement

বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ (বিবিআরএ), রাজউকের মাস্টার প্ল্যান এবং বিদ্যমান আইন-বিধির সঙ্গে সামঞ্জস্য রেখে এই নীতিমালা তৈরি করা হবে।

আদেশে বলা হয়েছে, ধানমন্ডি আবাসিক এলাকার বাণিজ্যিক সড়কে অবস্থিত প্লটগুলোকে বাণিজ্যিক উদ্দেশে ব্যবহারের অনুমতি প্রদানের ক্ষেত্রে যুগোপযোগী ও হালনাগাদ নীতিমালা প্রণয়ন করা হবে।

এ লক্ষ্যে অতিরিক্ত সচিবকে (ভূমি ও পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা অনুবিভাগ) আহ্বায়ক করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

Advertisement

কমিটির সদস্যরা হলেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব (ভূমি ব্যবস্থাপনা অধিশাখা), স্থাপত্য অধিদপ্তরের তত্ত্বাবধায়ক স্থপতি পদমর্যাদার প্রতিনিধি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান নগর পরিকল্পনাবিদ, নগর উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক) প্রতিনিধি, ঢাকা গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা শাখা-১ এর উপসচিব/সিনিয়র সহকারী সচিব, যিনি সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে বলা হয়েছে, কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে। সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে পরামর্শ করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আবাসিক থেকে বাণিজ্যিক রূপান্তরের নীতিমালার খসড়া সুপারিশ মন্ত্রণালয়ে দাখিল করতে হবে।

আরএমএম/এমকেআর

Advertisement