বিনোদন

‘জীবনের চেয়ে কোনো খেলা বড় নয়’, বললেন অপূর্ব

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর কুষ্টিয়ায় এক তরুণের মৃত্যুর ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পরিবারের দাবি, প্রিয় দলের পরাজয় এবং তা নিয়ে কটাক্ষের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই তরুণ। এ ঘটনার পর শোক প্রকাশ করে খেলাকে জীবনের চেয়ে বড় করে না দেখার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

Advertisement

আজ (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অপূর্ব লেখেন, কুষ্টিয়ার ওই তরুণের মৃত্যুর খবর তাকে গভীরভাবে ব্যথিত করেছে। একই সঙ্গে খেলাকে ঘিরে অতিরিক্ত উন্মাদনা, ট্রল ও অপমানজনক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এর আগে সোমবার (৬ জুলাই) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় রতন (২১) নামে এক তরুণের মৃত্যু হয়। তিনি ওই এলাকার হোসেন মিস্ত্রির ছেলে এবং পেশায় একজন শ্রমিক ছিলেন।

আরও পড়ুন দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

পরিবারের দাবি, বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর বিভিন্ন কটাক্ষ ও বিদ্রূপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রতন। এরপর তিনি আত্মহত্যা করেন। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি।

Advertisement

আরও পড়ুন ‘সবসময় আমার দলের সঙ্গেই থাকব’, ব্রাজিলের বিদায়ে বললেন তটিনী

নিজেও ব্রাজিলের সমর্থক হওয়ায় ঘটনাটি তাকে নাড়া দিয়েছে বলে জানান অপূর্ব। পোস্টে তিনি লেখেন, ‘ব্রাজিল হারায় কুষ্টিয়ার একটা ছেলে সুইসাইড করেছে, রেখে গেছে দুই মাসের শিশুসন্তান। এই নিউজটা দেখে ভীষণ কষ্ট পেয়েছি।’

এরপর সবাইকে খেলাকে বিনোদন হিসেবেই দেখার আহ্বান জানিয়ে অভিনেতা লেখেন, ‘আপনারা খেলাকে বিনোদন হিসেবে নিন। এখানে হার-জিত থাকবেই। প্রিয় দল জিতলে ভালো লাগবে, হারলে খারাপ লাগবে। তবে সেটা জীবনের থেকে যেন বড় না হয়। কারণ দিনশেষে এটা শুধু একটা খেলা।’

খেলাকে কেন্দ্র করে ট্রল বা প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তা যেন সীমা না ছাড়ায়, সেই আহ্বানও জানান তিনি। অপূর্বের ভাষায়, ‘ট্রল খেলার অংশ। তবে অতিরিক্ত ট্রল, অপমান বা হেয় করাটাও বন্ধ করুন। আপনার কাছে এটা মজা হতে পারে, কিন্তু অন্য কারও জন্য সেটা মানসিকভাবে অনেক কষ্টের কারণ হতে পারে।’

সবশেষে জীবনকে সর্বোচ্চ মূল্য দেওয়ার আহ্বান জানিয়ে অভিনেতা লেখেন, ‘একটা দল হারলে আবার জিতবে, আজ ট্রফি না পেলে সামনে আবার পাবে। কিন্তু একটা জীবন চলে গেলে সেটা আর ফিরে আসে না।’

Advertisement

অপূর্বের এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে খেলাকে ঘিরে অতিরিক্ত বিদ্রূপ ও ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

এমএমএফ