জামালপুরে ৩১ পিস ইয়াবা ও নগদ ২৪ হাজার টাকাসহ এক যুবদল নেতাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
Advertisement
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে সোমবার (৬ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ৫ নম্বর ইটাইল ইউনিয়নের দেবের বাজার এলাকায় অভিযান চালায় নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ। অভিযানের সময় ইমন সরকার (সুমন) নামে ওই যুবদল নেতাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩১ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২৪ হাজার টাকা জব্দ করা হয় বলে পুলিশের দাবি।
ইমন সরকার (সুমন) সদর উপজেলার শৈলেরকান্দা পশ্চিমপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি বর্তমানে ৫ নম্বর ইটাইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
Advertisement
নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এ.টি.এম. মাহমুদুল হক বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে এলাকায় আগে থেকেই মাদক-সংক্রান্ত একাধিক অভিযোগ ছিল। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে এর আগে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।হৃদয় আহম্মেদ/এফএ