জাতীয়

ঢাকায় বিদেশি পিস্তল ও বুলেট সদৃশ বস্তুসহ যুবক গ্রেফতার

রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ফায়ার্ড কার্তুজ, দুটি তাজা কার্তুজ ও একটি ফায়ার্ড বুলেট সদৃশ বস্তু উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

Advertisement

বুধবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। গ্রেফতার ব্যক্তির নাম- কাওছার ভুইয়া ওরফে শান্ত ওরফে এসবি (২৪)।

মিরপুর মডেল থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাতে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে টহলতর পুলিশ সদস্যরা মেট্রোরেলের পিলার নম্বর ২৫২ ও ২৫৩-এর মধ্যবর্তী চৌরঙ্গী মার্কেটের দক্ষিণ পাশ থেকে গুলির শব্দ শুনতে পান। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় কাওছার ভুইয়া শান্তকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ফায়ার্ড কার্তুজ, দুটি তাজা কার্তুজ এবং একটি ফায়ার্ড বুলেট সদৃশ বস্তু উদ্ধার করা হয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় অস্ত্র-আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

Advertisement

তিনি বলেন, গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় অস্ত্র আইনে দায়ের করা একটি মামলা রয়েছে। 

কেআর/এমকেআর