দেশজুড়ে

কাভার্ড ভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই বোনসহ তিনজনের

মামলার শুনানিতে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে কক্সবাজারের রামুর খুনিয়াপালং অংশে কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন সিএনজিতে থাকা আরও তিনজন।

Advertisement

সোমবার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামুর খুনিয়াপালং কাটাব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার হরিণমারা এলাকার বাসিন্দা জাফর আলমের দুই মেয়ে রুবিনা আক্তার (৪০) ও শাহিনা আক্তার (৪২)। নিহত অন্য ব্যক্তির পরিচয় সন্ধ্যা পর্যন্ত মেলেনি।

নিহতের স্বজনরা জানান, সকালে পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে কক্সবাজার আদালতে যান দুই বোন। শুনানি শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। মুহূর্তেই দুই মেয়েকে হারিয়ে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে।

Advertisement

পুলিশ সূত্র জানায়, অটোরিকশাটিতে চালকসহ ছয়জন আরোহী ছিলেন। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবিনা ও শাহিনা। আহত অন্য তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন ফেনীতে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

গফুর নামে এক প্রত্যক্ষদর্শীন বলেন, সন্তানদের নিয়ে কোচিং সেন্টারে যাওয়ার পথে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যায়। গিয়ে দেখি দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা এবং রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন কয়েকজন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠানো হয়।

রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। নারীদের পরিচয় পাওয়া গেলেও সন্ধ্যা পর্যন্ত নিহত পুরুষের পরিচয় শনাক্ত হয়নি। বাকিরা আহত হয়ে চিকিৎসাধীন। গাড়ি দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সায়ীদ আলমগীর/এসজেডএইচ/এএসএম

Advertisement