দেশজুড়ে

বিয়ের ১০ দিনের মাথায় সড়কে প্রাণ গেল প্রবাসীর, হাসপাতালে নববধূ

ব্রাহ্মণবাড়িয়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা ইয়ামিন মিয়া (৩০) নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।

Advertisement

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর হুজুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ামিন মিয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের মৃত আবুল বাশার ভূঁইয়ার ছেলে। তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার নববধূ সুমা আক্তার (১৮) গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ইয়ামিন প্রবাস থেকে ফিরে মাত্র ১০দিন আগে বিয়ে করেন। সোমবার বিকেলে নববধূকে নিয়ে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশে ব্যাটারিচালিত অটোরিকশায় রওয়ানা দেন। পথে ভাদুঘর হুজুরবাড়ি এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত ইয়ামিন ও তার স্ত্রী সুমাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। আহত সুমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন প্রবাসী আয়ের ৬২% এসেছে পাঁচ দেশ থেকে

নিহতের চাচা নওশাদ হোসেন জানান, বিয়ের উদ্দেশ্যে গত ৮ জুলাই ইয়ামিন সৌদি আরব থেকে দেশে আসেন। তবে দেশে ফেরার আগেই পারিবারিকভাবে তাদের কাবিন সম্পন্ন হয়েছিল। ১৭ জুলাই আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করা হয়। শনিবার (২৫ জুলাই) ‘পান-ফুল’ অনুষ্ঠানে অংশ নিতে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যান ইয়ামিন। সোমবার বিকেলে সেখান থেকে নিজ বাড়িতে ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা।

তিনি আরও বলেন, ‘বিয়ের মাত্র ১০ দিনের মাথায় এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। পুরো পরিবার, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা শোকে স্তব্ধ।’

এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম

Advertisement