মাত্র এক বছর, তাতেই অনেকটা বদলে গেছে পুরো প্রতিষ্ঠানের পরিবেশ। কুড়িগ্রামের বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম মেয়াদেই প্রশংসা কুড়িয়েছেন মো. নুরুল ইসলাম। ফলে দ্বিতীয় মেয়াদেও তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
Advertisement
মূলত, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-অভিভাবক সম্পৃক্ততা এবং শিক্ষার্থীবান্ধব নানান উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সবার নজর কাড়েন নুরুল ইসলাম। রোববার (২৬ জুলাই) দ্বিতীয় মেয়াদের জন্য তার মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়। ২০২৫ সালের ২ জুলাই তিনি প্রথম মেয়াদে সভাপতির দায়িত্ব নিয়েছিলেন।
বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনুর বেগম বলেন, নুরুল ইসলাম সভাপতির দায়িত্ব নেওয়ার পর বিদ্যালয়ের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করেছেন। শিক্ষক-অভিভাবকদের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রেও তার ভূমিকা ইতিবাচক প্রভাব ফেলেছে।
প্রতিষ্ঠানটির সাবেক প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার বিএসসি বলেন, বিদ্যালয়ের উন্নয়নে ধারাবাহিক পরিকল্পনা ও বাস্তবায়নের যে উদ্যোগ তিনি নিয়েছেন, তা প্রতিষ্ঠানের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষা ও মানবিক মূল্যবোধকে তিনি সমান গুরুত্ব দিয়েছেন।
Advertisement
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়া নুরুল ইসলাম বলেন, এ দায়িত্ব আমার কাছে সম্মানের পাশাপাশি একটি অঙ্গীকারও। বিদ্যালয়কে আধুনিক, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষানুরাগীদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।
এমকেআর