খেলাধুলা

‘এমন কিছু কি ঘটছে যা আমরা এখনও জানি না?’ ইনফান্তিনোকে তেবাস

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশ্বকাপ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সমালোচকদের উদ্দেশে করা তার একটি পোস্টকে ‘বাজে’ ও ‘লজ্জাজনক’ বলে কড়া ভাষায় আক্রমণ করেছেন স্প্যানিশ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস।

Advertisement

একই সময়ে ইনফান্তিনোর বিরুদ্ধে সম্ভাব্য দুর্নীতি এবং যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিশেষ সুবিধা আদান-প্রদানের অভিযোগ তদন্ত শুরু করেছে মার্কিন কংগ্রেসের হাউস জুডিশিয়ারি কমিটি।

বিশ্বকাপ শেষে ১৫ পৃষ্ঠার একটি দীর্ঘ ইনস্টাগ্রাম বার্তায় ইনফান্তিনো লিখেছিলেন, যারা ফিফাকে ঘৃণা করতে সময় ব্যয় করছেন, তাদের উচিত ‘ধ্যান করা, প্রার্থনা করা অথবা একটি ফুটবল ম্যাচ দেখা।’ এই মন্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া জানান তেবাস।

নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তেবাস লেখেন, ‘জিয়ান্নি ইনফান্তিনো ইনস্টাগ্রাম ও ফিফার অফিসিয়াল অ্যাকাউন্টে একটি বাজে বার্তা প্রকাশ করেছেন।’

Advertisement

আরও পড়ুন আর্জেন্টিনা তারকার অবসরে আবেগঘন বার্তা ফিফা সভাপতির

তিনি আরও বলেন, ফুটবল আবেগ, ঐক্য ও উদযাপনের প্রতীক হলেও স্বচ্ছতা, সুশাসন এবং জবাবদিহিতা কখনোই ঘৃণা নয়; বরং এগুলো প্রতিটি প্রতিষ্ঠানের বাধ্যবাধকতা। তেবাসের ভাষায়, ‘একটি শক্তিশালী প্রতিষ্ঠান প্রশ্নকারীদের ছোট করে না, বরং তাদের প্রশ্নের উত্তর দেয়।’

ইনফান্তিনোর উদ্দেশে আরও প্রশ্ন ছুড়ে দেন লা লিগা সভাপতি। তিনি বলেন, ‘যখন একজন নেতা তার পুরো বক্তব্যটাই উৎসর্গ করেন তাদের অযোগ্য প্রমাণের পেছনে; যারা নীতিগতভাবে ও ন্যায্যভাবে তাকে জবাবদিহির মুখোমুখি করছেন। তখন প্রশ্ন জাগাটাই স্বাভাবিক…ঠিক এখনই কেন? এই আত্মরক্ষামূলক সুরের পেছনে কী কারণ থাকতে পারে? এমন কোনো ঘটনা কি ঘটছে, যা আমরা এখনও জানি না?’

এদিকে যুক্তরাষ্ট্রের হাউস জুডিশিয়ারি কমিটি ইনফান্তিনোকে তলব করে জানিয়েছে, ফিফা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছ থেকে বিশেষ সুবিধা আদায়ের চেষ্টা করেছেন; এমন অভিযোগের তদন্ত চলছে। কমিটির দাবি, ফিফার সঙ্গে সংশ্লিষ্ট শত শত মিলিয়ন ডলারের দুর্নীতির মামলাগুলো প্রত্যাহারের জন্য প্রভাব খাটানোর চেষ্টা এবং বিশ্বকাপের টিকিটের অতিরিক্ত মূল্যের বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।

আরও পড়ুন আর্জেন্টিনার জাল কাঁপানো কেপ ভার্দের কাবরালের গোলই বিশ্বকাপের সেরা

কমিটির চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, গত ডিসেম্বরে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পকে দেওয়া তথাকথিত ‘ফিফা পিস প্রাইজ’ এবং ট্রাম্প টাওয়ারে অফিস ভাড়া নেওয়ার ঘটনাকে এমন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যার মাধ্যমে ট্রাম্প প্রশাসনকে ফিফার পক্ষে সিদ্ধান্ত নিতে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে।

Advertisement

তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট সব নথি ও তথ্য আগামী ৯ আগস্ট (ব্রিটিশ সময় রাত ১০টার মধ্যে) জমা দিতে ইনফান্তিনোর কাছে অনুরোধ জানিয়েছে হাউস জুডিশিয়ারি কমিটি।

এদিকে পুরো বিষয়টি নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া চাওয়া হলেও এখন পর্যন্ত সংস্থাটির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এমএমআর