ফিফার নতুন পরিকল্পনায় ক্ষোভ প্রকাশ করেছেন সংস্থাটির সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার। বিশ্বকাপ পরিচালনার জন্য ২০ বিলিয়ন মার্কিন ডলারের একটি সহায়ক প্রতিষ্ঠান (সাবসিডিয়ারি) গঠনের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন তিনি। তার মতে, বিশ্বকাপ কোনো বাণিজ্যিক সম্পদ নয়, যা কয়েকজন নির্বাহীর নিয়ন্ত্রণে থাকবে।
Advertisement
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ব্ল্যাটার বলেন, ‘ফুটবল কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি নয়। এটি মানুষের।’
তিনি আরও বলেন, ‘ফিফাকে যদি মুনাফাকেন্দ্রিক কর্পোরেট কাঠামোয় রূপান্তর করা হয়, তাহলে সংস্থাটি তার আত্মা হারাবে।’
মঙ্গলবার ফিফা ঘোষণা দেয়, বিশ্বকাপসহ তাদের বিভিন্ন টুর্নামেন্ট পরিচালনার জন্য একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠন করা হবে। এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ ২০ শতাংশ শেয়ার বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনাও রয়েছে।
Advertisement
ফিফার এই সিদ্ধান্তে ইউরোপীয় ফুটবল মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। UEFA-সহ বিভিন্ন সংস্থা অভিযোগ করেছে, ফিফা কার্যত বিশ্ব ফুটবলকে বিক্রির জন্য তুলে দিচ্ছে।
এ বিষয়ে ব্ল্যাটার বলেন, ‘বিশ্বকাপকে কখনোই এমন বিনিয়োগ পণ্যে পরিণত করা উচিত নয়, যেখানে বেসরকারি বিনিয়োগকারীরা শুধু মুনাফার জন্য আসবে।’
তার ভাষায়, ‘ফিফা বিশ্বকাপ কোনো বাণিজ্যিক সম্পদ নয়, যা কয়েকজন নির্বাহীর মালিকানাধীন। এটি বিশ্ব ফুটবলের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। ফিফা বিশ্বকাপের মালিক নয়, বরং এর অভিভাবক।’
১৭ বছর ফিফার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা ব্ল্যাটার বলেন, দায়িত্বে থাকাকালে তিনি কখনো এমন পরিকল্পনার কথা ভাবেননি। তার মতে, ফুটবল এক শতাব্দীরও বেশি সময় ধরে টিকে আছে, কারণ এটি মানুষের খেলা, ‘এই নীতি কখনো পরিবর্তন হওয়া উচিত নয়।’
Advertisement
আইএন