জাতীয়

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত রাত ২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল এলাকার বেড়িবাঁধসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিল্লুর রহমান পশ্চিম সরল এলাকার বাসিন্দা। গুলিবিদ্ধ অবস্থায় স্বজনরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন পাটোয়ারী-সারজিসদের বিরুদ্ধে হত্যাচেষ্টা-ছিনতাই মামলার আবেদন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সরল ইউনিয়নে মাছের ঘের ও লবণ মাঠের দখল নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে গভীর রাতে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে গুলিবিদ্ধ হন জিল্লুর রহমান।

Advertisement

সরল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রোকসানা আক্তার বলেন, মাছের ঘের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন বান্দরবানে পাহাড়ি খাদ থেকে ২ পর্যটকের মরদেহ উদ্ধার

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, গুলিবিদ্ধ অবস্থায় বাঁশখালী থেকে এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

এমআরএএইচ/কেএসআর