বার্সেলোনাকে ‘বিশেষ স্মৃতি’র জন্য ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তা দিয়েছেন মার্কাস রাশফোর্ড। ধারে কাতালান ক্লাবটিতে খেলার পর ম্যানচেস্টার ইউনাইটেডে আবারও ফিরে যাচ্ছেন তিনি। যদিও তার ভবিষ্যত এখনও অনিশ্চিত।
Advertisement
২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার হয়ে ২৮ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে সমান ১৪টি গোল ও অ্যাসিস্ট করেছেন। লা লিগার শিরোপা জয়ে রেখেছেন অবদান।
তবে মৌসুম শেষে তাকে স্থায়ীভাবে দলে না রেখে নিউক্যাসল ইউনাইটেড থেকে ইংল্যান্ডের আরেক ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনকে দলে ভিড়িয়েছে বার্সা।
বিশ্বকাপ-পরবর্তী ছুটি শেষে রাশফোর্ডের ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার কথা রয়েছে। বর্তমানে ক্লাবটির দায়িত্বে আছেন তার সাবেক সতীর্থ মাইকেল ক্যারিক। বিভিন্ন সূত্রের মতে, ওল্ড ট্র্যাফোর্ডেই থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি রাশফোর্ডের।
Advertisement
ইনস্টাগ্রামে বিদায়বার্তায় রাশফোর্ড লিখেছেন, ‘এখানে আমার সময়টাকে এত ইতিবাচক ও স্মরণীয় করে তোলার জন্য ক্লাবের সবাইকে আন্তরিক ধন্যবাদ। প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি এবং অনেক বিশেষ স্মৃতি সঙ্গে নিয়ে যাচ্ছি।’
রাশফোর্ডের পোস্টের জবাবে বার্সেলোনার অফিসিয়াল অ্যাকাউন্ট লিখেছে, ‘সবকিছুর জন্য ধন্যবাদ, রাশি। তুমি সবসময় আমাদের একজন হয়ে থাকবে।’
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে রাশফোর্ডের বর্তমান চুক্তির মেয়াদ এখনও দুই বছর বাকি। ২০২৪ সালের ডিসেম্বরের পর তিনি ইউনাইটেডের হয়ে আর খেলেননি। ওই মৌসুমের শেষভাগে তিনি অ্যাস্টন ভিলায় ধারে খেলেন, এরপর ২০২৫/২৬ মৌসুমে যোগ দেন বার্সেলোনায়।
আইএন
Advertisement