লাইফস্টাইল

বিমানে শিট মাস্ক লাগান তৃষা, এটি কি ত্বকের জন্য ভালো

দীর্ঘ বিমানযাত্রার পর আয়নায় তাকিয়ে অনেকেই দেখেন, ত্বক আগের মতো সতেজ নেই। মুখে টান ধরেছে, ত্বক শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়। তাই এখন মাঝ আকাশেই শিট মাস্ক ব্যবহার করা অনেক তারকার বিউটি রুটিনের অংশ হয়ে উঠেছে। সম্প্রতি দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণন বিমানের ভেতরে হাইড্রেটিং শিট মাস্ক ব্যবহার করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে তা দ্রুত ভাইরাল হয়। এর আগে প্রিয়াঙ্কা চোপড়াসহ আরও অনেক আন্তর্জাতিক তারকাকেও দীর্ঘ ফ্লাইটে শিট মাস্ক ব্যবহার করতে দেখা গেছে।

Advertisement

তবে প্রশ্ন হলো, বিমানে শিট মাস্ক ব্যবহার কি সত্যিই ত্বকের জন্য উপকারী, নাকি এটি কেবল একটি জনপ্রিয় বিউটি ট্রেন্ড? বিশেষজ্ঞদের মতে, সঠিক ধরনের মাস্ক এবং সঠিক নিয়মে ব্যবহার করলে এটি ত্বকের জন্য উপকারী হতে পারে।

কেন বিমানে ত্বক শুষ্ক হয়ে যায়?

বিমানের কেবিনে আর্দ্রতার মাত্রা সাধারণ পরিবেশের তুলনায় অনেক কম থাকে। দীর্ঘ সময় এই শুষ্ক পরিবেশে থাকলে ত্বক থেকে দ্রুত পানি বেরিয়ে যেতে শুরু করে। ফলে ত্বক শুষ্ক, খসখসে ও টানটান অনুভূত হয়। যাদের ত্বক আগে থেকেই শুষ্ক বা সংবেদনশীল, তাদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি দেখা দিতে পারে। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ বিমানযাত্রার সময় ত্বকের স্বাভাবিক ময়েশ্চার ব্যারিয়ারও দুর্বল হয়ে যায়। তাই ফ্লাইট শেষে অনেকের ত্বক ক্লান্ত ও উজ্জ্বলতাহীন দেখায়।

ছবি: ইনস্টাগ্রাম থেকে

Advertisement

শিট মাস্ক যেভাবে কাজ করে?

হাইড্রেটিং শিট মাস্কে সাধারণত হায়ালুরোনিক অ্যাসিড, গ্লিসারিন, সেরামাইড, অ্যালোভেরা, প্যানথেনলসহ বিভিন্ন আর্দ্রতাদায়ক উপাদান থাকে। এগুলো ত্বকের ওপর একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে, যা সাময়িকভাবে ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

ফলে ফ্লাইটের সময় ত্বকের শুষ্কতা কিছুটা কমে এবং ত্বক তুলনামূলকভাবে নরম ও সতেজ অনুভূত হয়। তবে চিকিৎসকদের মতে, এই প্রভাব স্থায়ী নয়। তাই শিট মাস্ক খুলে ফেলার পর অবশ্যই একটি ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত, যাতে আর্দ্রতা দীর্ঘ সময় ধরে রাখা যায়।

ছবি: ইনস্টাগ্রাম থেকে

সব ধরনের শিট মাস্ক ব্যবহার করা যাবে কি না

একেবারেই না। বিমানযাত্রার সময় শুধুমাত্র হাইড্রেটিং বা জেল-ভিত্তিক শিট মাস্ক ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। অন্যদিকে চারকোল, ক্লে, পিল-অফ, এক্সফোলিয়েটিং অ্যাসিড বা শক্তিশালী অ্যাকটিভ উপাদানযুক্ত মাস্ক ব্যবহার করা উচিত নয়। কারণ শুষ্ক কেবিনের পরিবেশে এসব উপাদান ত্বকে জ্বালা, লালচে ভাব কিংবা ইনফ্ল্যামেশন সৃষ্টি করতে পারে।

Advertisement

যাদের ত্বক ব্রণপ্রবণ বা অতিরিক্ত সংবেদনশীল, তাদের ক্ষেত্রে সুগন্ধিযুক্ত কিংবা অ্যালকোহলসমৃদ্ধ শিট মাস্ক এড়িয়ে চলাই ভালো। নতুন কোনো পণ্য ব্যবহার করার আগে এর উপাদান সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি।

ফ্লাইটে শিট মাস্ক ব্যবহারের সঠিক নিয়ম

শিট মাস্ক ব্যবহার করার আগে অবশ্যই হাত ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। অপরিষ্কার হাতে মাস্ক লাগালে জীবাণু সহজেই ত্বকে ছড়িয়ে পড়তে পারে।

মাস্কে যতক্ষণ ব্যবহার করার নির্দেশ দেওয়া থাকে, ঠিক ততক্ষণই মুখে রাখা উচিত। অনেকেই বেশি উপকারের আশায় ৩০-৪০ মিনিট পর্যন্ত মাস্ক পরে থাকেন। কিন্তু এতে উল্টো ক্ষতি হতে পারে। মাস্ক শুকিয়ে গেলে সেটি ত্বকের ভেতরের আর্দ্রতাই টেনে নিতে শুরু করে।

মাস্ক খুলে ফেলার পর মুখে থাকা অতিরিক্ত সিরাম আলতো করে ম্যাসাজ করে নিন। এরপর প্রয়োজনে কয়েক ফোঁটা হাইড্রেটিং সিরাম এবং একটি সেরামাইডসমৃদ্ধ ময়েশ্চারাইজার ব্যবহার করুন। দিনের বেলায় ভ্রমণ করলে এসপিএফ ৩০ বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করাও গুরুত্বপূর্ণ।

কারা শিট মাস্ক ব্যবহার না করাই ভালো?

যাদের ত্বকে আগে থেকেই একজিমা, রোসেশিয়া, তীব্র অ্যালার্জি বা গুরুতর ত্বকের রোগ রয়েছে, তাদের ক্ষেত্রে যেকোনো নতুন শিট মাস্ক ব্যবহার করার আগে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে, এমন ত্বকের জন্য অনেক সময় শুধু একটি ভালো সেরামাইডযুক্ত ময়েশ্চারাইজারই যথেষ্ট অপ্রয়োজনীয়ভাবে একাধিক প্রসাধনী ব্যবহার করলে ত্বকের সমস্যা আরও বেড়ে যেতে পারে।

আরও পড়ুন ভারী ফাউন্ডেশন নয়, ন্যাচারাল লুক পেতে বেছে নিন হাইব্রিড মেকআপ ট্রেন্ড নয়, সচেতন ব্যবহারে মিলবে উপকার

বিমানে শিট মাস্ক ব্যবহার নিঃসন্দেহে একটি জনপ্রিয় বিউটি ট্রেন্ড। তবে এর পেছনে বৈজ্ঞানিক কারণও রয়েছে। কম আর্দ্রতার কারণে শুষ্ক হয়ে যাওয়া ত্বকে সাময়িকভাবে আর্দ্রতা ফিরিয়ে আনতে এটি কার্যকর হতে পারে।

আরও পড়ুন নারীরা ব্যাগে সব সময় কেন লিপস্টিক রাখেন

তবে শুধু মাস্ক ব্যবহার করলেই হবে না, সঠিক উপাদান নির্বাচন, নির্ধারিত সময় মেনে ব্যবহার এবং পরে ময়েশ্চারাইজার লাগানো-এই নিয়মগুলো মেনে চললেই সবচেয়ে ভালো ফল পাওয়া সম্ভব। অর্থাৎ, ট্রেন্ড অনুসরণ করতে চাইলে করুন, তবে তা যেন হয় ত্বকের প্রয়োজন বুঝে এবং সচেতনভাবে।

সূত্র: এনডিটিভি

এসএকেওয়াই