ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর নেপলসের কাছে কাম্পি ফ্লেগ্রেই এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
Advertisement
কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে বিদ্যুৎ সরবরাহ এবং ট্রেন ও মেট্রো চলাচল ব্যাহত হয়েছে। কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলোজি জানায়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল নেপলসের পশ্চিমে কাম্পি ফ্লেগ্রেই এলাকায় ভূগর্ভের প্রায় তিন কিলোমিটার গভীরে।
নেপলস ও এর আশপাশের এলাকায় ভবনগুলোর সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস।
Advertisement
দেশটির গণমাধ্যম বলছে, এটি ওই অঞ্চলে এ যাবৎকালের রেকর্ড করা অন্যতম শক্তিশালী ভূমিকম্প। কম্পন অনুভূত হতেই কিছু এলাকার মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসেন।
নেপলসের বিস্তৃত পশ্চিমাঞ্চল নিয়ে গঠিত ও ঘনবসতিপূর্ণ আগ্নেয়গিরির এলাকা কাম্পি ফ্লেগ্রেইতে সাম্প্রতিক বছরগুলোতে ঘন ঘন ভূমিকম্পের ঘটনা ঘটছে। এতে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করেছে সরকার।
২০১৬ সালে মধ্য ইতালিতে পরপর কয়েকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে; যা লাজিও, উম্বরিয়া এবং মারকে অঞ্চলের বেশ কিছু এলাকা ধ্বংসস্তূপে পরিণত করে। এতে প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়।
তবে সাম্প্রতিক দশকগুলোতে ইতালির সবচেয়ে মারাত্মক ভূমিকম্পটি ঘটেছিল ১৯৮০ সালের নভেম্বরে। দেশটির দক্ষিণাঞ্চলের ইরপিনিয়া এলাকায় আঘাত হানা ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত দুই হাজার ৭০০ জন নিহত হন।
Advertisement
সূত্র: রয়টার্স
এসআর