দেশজুড়ে

স্থায়ী সমাধানের দাবিতে পানিবন্দিরা ডিসি চত্বরে

যশোরের ভবদহ সমস্যার স্থায়ী সমাধান এবং কার্যকর টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট-টিআরএম) বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় কালেক্টরেট চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি।

Advertisement

সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আয়োজিত এ কর্মসূচিতে মণিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার জলাবদ্ধতাকবলিত এলাকার শতাধিক মানুষ অংশ নেন।

কর্মসূচির আগে লাঙল, কাস্তে, শাপলা ও জলাবদ্ধতার প্রতীকী বিভিন্ন উপকরণ হাতে নিয়ে মিছিলসহকারে কালেক্টরেট চত্বরে জড়ো হন নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যেও তারা অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, প্রতি বছর ছয় থেকে সাত মাস ভবদহ অঞ্চলের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে থাকে। এতে কৃষিজমি, ফসল, মাছের ঘের, বসতবাড়ি, রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান মারাত্মক ক্ষতির মুখে পড়ে। বিশুদ্ধ পানি, খাদ্য ও পয়োনিষ্কাশন সংকটের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে মানবিক দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

Advertisement

এসময় তারা পানি প্রবাহের সব প্রতিবন্ধকতা অপসারণ এবং বিলে বিলে কার্যকর টিআরএম বাস্তবায়নের জোরালো দাবি জানান।

আরও পড়ুন শতাধিক গ্রামে ভবদহের জলাবদ্ধতা, দুর্ভোগে লাখো মানুষ

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত ব্যবস্থাপনা, প্রকল্পনির্ভর কার্যক্রম এবং সংশ্লিষ্টদের গাফিলতির কারণে ভবদহের জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হয়েছে। পাশাপাশি স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির কারণেও সমস্যার স্থায়ী সমাধান বাধাগ্রস্ত হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, ভবদহবাসীর দাবি যৌক্তিক। সরকার পর্যায়ক্রমে খাল খননের উদ্যোগ বাস্তবায়ন করছে এবং ভবদহ সমস্যার সমাধানেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি টিআরএম বাস্তবায়নের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ব্যক্তিগতভাবে এক লাখ টাকা সহায়তার ঘোষণা দেন।

সংগ্রাম কমিটির সভাপতি অনিল বিশ্বাসের সভাপতিত্বে কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। এসময় আরও বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি রাশেদ খান, কপোতাক্ষ নদ বাঁচাও আন্দোলনের নেতা অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, বাসন্তী মণ্ডল, শেখর বিশ্বাস, সুকেন্দু বিশ্বাস, সাধন বিশ্বাস, শিবপদ বিশ্বাসসহ ভুক্তভোগীদের প্রতিনিধিরা।

Advertisement

মিলন রহমান/এসজেডএইচ/এএসএম