জাতীয়

দেড় বছরে ঢাকায় প্রচুর ভোটার মাইগ্রেশন হয়েছে, যা অস্বাভাবিক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেছেন, আমরা নির্বাচন কমিশনকে এর আগেও বলেছিলাম, গত এক-দেড় বছরের মধ্যে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে। বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে, যেটা অস্বাভাবিক।

Advertisement

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, এর আগে এরকমভাবে কখনো ভোটার মাইগ্রেশন হয়নি। নির্বাচন কমিশন বলছে, কোনো আসনে দুই-তিন হাজারের বেশি হয়নি। তবে আমরা ইসির কথায় সন্তুষ্ট হতে পারিনি। আমরা নিশ্চিত জানি যে, এই তথ্য যারা সরবরাহ করেছে তারা সঠিক তথ্য সরবরাহ করে না। প্রকৃতপক্ষে অনেক বেশি ভোটার মাইগ্রেশন হয়েছে।

বিএনপি ইসির কাছে আসনভিত্তিক ভোটার মাইগ্রেশনের তথ্য জানতে চেয়েছে বলেও জানান তিনি।

Advertisement

নজরুল ইসলাম খান আরও বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য—এমন হোল্ডিং নম্বর যেখানে চার-পাঁচজনের বেশি বসবাসই করেন না, সেখানে ২০-৩০ জনের তথ্য পাচ্ছি। কিছু মন্দ লোক এমনটি করছে। তারা ভোটার আইডি, বিকাশ নম্বর নিয়ে কিছু কেলেঙ্কারি করেছে। সম্ভবত এ ধরনের ভুয়া ভোটার বা ভোটার মাইগ্রেশনের ঘটনা ঘটছে। আমরা মনে করি, এ ব্যাপারে নির্বাচন কমিশনের ভূমিকা যথাযথ হওয়া দরকার।

এমওএস/এমকেআর