মৌলভীবাজারের বড়লেখায় মাদক মামলার আসামিকে আটকের পর পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে মামলার প্রধান আসামি জড়াইত আলীকে সাদা পোশাকধারী পুলিশ আটক করলে তার বাবা হারিছ আলীর নেতৃত্বে অন্যান্য আসামিরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।
Advertisement
জানা যায়, গত শনিবার রাতে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী ইসলামপুর গ্রামে মাদক উদ্ধারের অভিযানে মাদক চোরাকারবারিরা বিজিবির ওপর হামলা চালায়। এরপরও দুই দফায় বিজিবি ১৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। হামলার ঘটনায় বিজিবি লাতু ক্যাম্পের হাবিলদার মং থোয়াই চিং মারমা তিন মাদক ব্যবসায়ীর নাম উল্লেখসহ আরও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মাদক আইনে মামলা করেন। ওই মামলার আসামিদের গ্রেফতার অভিযানে নামে পুলিশ। সোমবার বিকেলে প্রধান আসামি জড়াইত আলীকে সাদা পোশাকধারী পুলিশ আটক করলে তার বাবা হারিছ আলীর নেতৃত্বে অন্যান্য আসামিরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।
এ বিষয়ে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমিনুল ইসলাম সোমবার রাতে জানান, বিজিবির ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে আটক করলে অন্য আসামিরা সহযোগীদের নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। তবে আসামি গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এম ইসলাম/এমএন/এমএস
Advertisement