কক্সবাজারের কুতুবদিয়ায় বিএনপি প্রার্থীর নির্বাচনি পথসভায় বক্তব্যকালে মঞ্চ দেবে যাওয়ার ঘটনা ঘটেছে। মঞ্চ দেবে যাওয়ার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
Advertisement
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দ্বীপ উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবেলরচর এলাকায় নির্বাচনি পথসভায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের বিএনপি প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের সমর্থনে পথসভার আয়োজন করে নেতাকর্মী ও সমর্থকরা। সেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রার্থী আলমগীর ফরিদ। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বক্তব্য রাখছিলেন তিনি। বক্তব্যকালে অকস্মাৎ মঞ্চ মাটিতে দেবে যায়।
আলমগীর ফরিদের নির্বাচন সমন্বয়কারী কাইমুল হক ও নেসার উদ্দিনের দাবি, লবণের মাঠগুলো এঁটেল মাটি। এ ধরনের মাটি নরম হওয়ায় স্টেজের অতিরিক্ত লোক ওঠায় খুঁটি দেবে গিয়ে বসে গেছে। তবে এসময় কেউ হতাহত হয়নি।
Advertisement
অপরদিকে গত ২৫ জানুয়ারি সকালে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের চকরিয়ার সুরাজপুর মানিকপুরে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদের পথসভায়ও মঞ্চ দেবে যাওয়ার ঘটনা ঘটেছিল। তবে এ ঘটনা বিএনপির নেতাকর্মীরা এতদিন ধামাচাপা দিয়েছিলেন। কিন্তু কুতুবদিয়ার মঞ্চ দেবে যাওয়ার ঘটনা প্রকাশ পাওয়ার পর এ ঘটনার ভিডিওটি সামনে আসে। বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমদের মঞ্চ ভেঙে পড়ার খবরে অনেকেই নানা মন্তব্য করছে। চকরিয়া-পেকুয়ায় চলছে মুখরোচক আলোচনার।
সায়ীদ আলমগীর/এফএ/এমএস