ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জে শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের কেয়টখালী এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
দুর্ঘটনায় নিহতরা হলেন- আরিফ (৪০) ও মামুন। এদের মধ্যে আরিফ ঢাকার মুগদা এলাকার বাসিন্দা ও মামুনের বাড়ি ফরিদপুরে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মহাসড়কের মাওয়া থেকে ঢাকামুখী লেনে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, মোটরসাইকেলটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। পথে শ্রীনগর কেয়টখালী এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লাগে। এতে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলের চালক ও আরোহী গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
Advertisement
তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহত দু’জনের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
শুভ ঘোষ/এনএইচআর/জেআইএম