বাংলা নতুন বছর বরণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের সংস্কৃতি সেলের উদ্যোগে ‘নাগরিক বর্ষবরণ ১৪৩৩’ শীর্ষক আয়োজনে থাকবে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা এবং বাউল গান, নৃত্য, আবৃত্তি, লোকজ পরিবেশনাসহ নানা দেশীয় ঐতিহ্যে পরিপূর্ণ মেলা।
Advertisement
এনসিপির সংস্কৃতি সেল সম্পাদক লুৎফর রহমান জানান, পহেলা বৈশাখের দিন মঙ্গলবার দুপুরের পরই মূল আয়োজন শুরু হবে। বিকেল ৩টায় বর্ণিল শোভাযাত্রায় অংশ নেবেন দলের নেতাকর্মীরা। রাজধানীর বাংলামোটর থেকে শুরু করে শাহবাগ হয়ে এ শোভাযাত্রা বাংলামোটরে ফিরে আসবে। একই সময়ে সেখানকার নেভি গলিতে বসবে বৈশাখী মেলা। এ আয়োজনে থাকবে গান, নৃত্য ও বায়োস্কোপসহ বাঙালিয়ানার নানা অনুষঙ্গ। মুড়ি-মুড়কি ও জিলাপির আয়োজনও থাকছে।
লুৎফর রহমান ঢাকাবাসীর উদ্দেশে বলেন, ‘নতুন বছরের নতুন দিনে আমাদের সঙ্গে মিলিত হোন ঐতিহ্য আর উৎসবের রঙে রঙিন হতে। আপনার উপস্থিতি আমাদের আনন্দকে আরও পূর্ণ করবে।’
নেভি গলির আয়োজনস্থলে সোমবার (১৩ এপ্রিল) রাত ৮টার পর থেকেই শুরু হয়েছে আল্পনা আঁকা। এখানে মঙ্গলবারের মেলায় বাহারি খাবার ও মাটির তৈজসপত্রের দোকানও বসবে বলে জানা গেছে।
Advertisement
সরকারি নির্দেশনা মোতাবেক মঙ্গলবার সন্ধ্যা ৬টার আগেই মেলার কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন এনসিপির সংস্কৃতি সেল সম্পাদক।
এনএস/একিউএফ