দেশের উন্নয়ন ও গণতন্ত্র সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, দীর্ঘ সময়ের দুঃশাসন কাটিয়ে বাংলাদেশ পুনর্গঠনে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।
Advertisement
বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নগরের সিআরবি এলাকার শিরীষতলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র। অনুষ্ঠানের আয়োজন করে নববর্ষ উদযাপন পরিষদ, চট্টগ্রাম।
অনুষ্ঠানে মেয়র বলেন, পুরোনো বছর ১৪৩২ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করার এ সময়ে ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশ রক্ষায় আরও সচেতন হতে হবে।
ঐতিহাসিক শিরীষ গাছের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রায় ১২৫ বছর ধরে এটি মানুষের উপকার করে আসছে, যা নগরের একটি অমূল্য সম্পদ। করোনাকালের অভিজ্ঞতা উল্লেখ করে মেয়র বলেন, তখন মানুষকে অক্সিজেনের জন্য অর্থ ব্যয় করতে হয়েছে, অথচ প্রকৃতি প্রতিনিয়ত বিনামূল্যে অক্সিজেন দিচ্ছে। তাই পরিবেশ রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব।
Advertisement
সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের উদ্যোগের বিরোধিতায় স্থানীয়দের আন্দোলনের কথা উল্লেখ করে মেয়র বলেন, দীর্ঘদিনের আন্দোলনের মাধ্যমে ঐতিহ্যবাহী এই স্থান রক্ষা করা সম্ভব হয়েছে, যা চট্টগ্রামবাসীর পরিবেশ সচেতনতার দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, জায়গাটি রেলওয়ের অধীন হলেও এটি রক্ষার দায়িত্ব নগরবাসীর। সবাইকে মিলেই পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ নগর গড়ে তুলতে হবে।
নতুন প্রজন্মের উদ্দেশে মেয়র শাহাদাত বলেন, বাংলা মাস ও ছয় ঋতুর ঐতিহ্য সম্পর্কে তাদের জানাতে হবে, সংস্কৃতি ও ইতিহাস থেকে বিচ্ছিন্ন হলে দেশপ্রেম গড়ে ওঠে না।
রেলওয়ে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ান। আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, আবুল হাশেম বক্কর, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন।
Advertisement
উদযাপন পরিষদের পক্ষে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, সাংবাদিক মিয়া মোহাম্মদ আরিফ, এম আর মঞ্জু, নুরুল আফসার মজুমদার স্বপন, হাসান মারুফ রুমি, ফারুক তাহের, মোহাম্মদ আলী, এম এ মুসা বাবলু প্রমুখ।
এমআরএএইচ/এমএমকে