দেশজুড়ে

পহেলা বৈশাখে দাড়িয়াবান্ধা খেলা দেখতে মানুষের ঢল

এক সময়ে গ্রাম-বাংলার শিশু-কিশোরদের অবসরের অন্যতম খেলা ছিল দাড়িয়াবান্ধা। দলবেঁধে দাড়িয়াবান্দা খেলায় মেতে উঠতো সবাই। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এই খেলা। হারিয়ে যাওয়া সেই দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত হলো মাদারীপুরের শিবচরে।

Advertisement

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে শিবচর উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্ধা খেলা। পহেলা বৈশাখ উপলক্ষ্যে শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে এই খেলা দেখতে মানুষের ঢল নামে।

জানা গেছে, খেলায় শিবচর উপজেলা প্রশাসন ও সাধারণ মানুষ দুই দলে ভাগ হয়ে অংশ নেয়। বিজয়ী হয় উপজেলা প্রশাসন দল। খেলা দেখতে মাঠের উভয় পাশে সারিবদ্ধভাবে দর্শনার্থীদের ভিড় দেখা যায়। ঐতিহ্যবাহী খেলাটি দেখে দর্শনার্থীরা খুব আনন্দিত হয়।

খেলা দেখতে আসা কামাল হোসেন বলেন, দাড়িয়াবান্ধা খেলা এখনকার ছেলেমেয়েদের খেলতে দেখা যায় না। আগে দাড়িয়াবান্ধা খেলায় মেতে উঠতো নানা বয়সীরা। সময়ের স্রোতে আজ সেই খেলা হারিয়ে যেতে বসেছে।

Advertisement

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, গ্রামীণ ঐতিহ্যবাহী অনেক খেলাই এখন হারিয়ে গেছে। দাড়িয়াবান্ধা এর মধ্যে অন্যতম একটি খেলা। খেলাটি আয়োজনের উদ্যোগ নেওয়ার পর কোট কিভাবে কাটতে হয় কেউ বলতে পারেনি। পরে গুগল ও ইউটিউবের সহযোগিতায় কোট তৈরি করা হয়। আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ খেলাটি নিয়মিত চালু করার ব্যবস্থা করবো।

আয়শা সিদ্দিকা আকাশী/এমএন/এমএস